রাফিয়া শহরের অতিদরিদ্র পরিবারের একটি মেয়ে। ওর ভাই-বোন কেউ নেই। পঞ্চম শ্রেণিতে পড়ে। তাদের সংসারে টাকার অভাব লেগেই থাকে। সে খুব মেধাবী ছাত্রী। প্রতি ক্লাসে বরাবর প্রথম স্থান অর্জন করে। বাবা অটোরিকশা চালাতেন। একদিন হঠাৎ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। রাফিয়ার মা তার বাবার জন্য অনেক টাকা ঋণ নিলেন।
বেশ কিছু দিন হাসপাতালে তার চিকিৎসা চলল। অবশেষে একদিন হঠাৎ মারা গেলেন।মা ছাত্রদের একটি মেসে রান্না করে। এখানে রান্না করে খাবারও পায়। বাড়িতে আর রান্না করতে হয় না। এভাবেই টেনেটুনে সংসার চলে। ওর বন্ধুরা ঈদের জামা কাপড় কিনেছে। রাফিয়ার মন খুব খারাপ। কদিন পরই ঈদুল আজহা। এখনও তার ঈদের জামা কেনা হয়নি। রাফিয়াকে সবাই বলে, তোমার ঈদের জামা কবে হবে? সে একদিন তার মাকে বলল, আমাকে ঈদের জামা দিতেই হবে। নইলে আমি আর পড়ালেখা করব না।
রাফিয়ার মা ভীষণ চিন্তায় পড়লেন। কারণ অনেক টাকা ঋণ আছে। কী করে মেয়েকে নতুন জামা কিনে দেবেন? তার মা একদিন মেস ম্যানেজারকে বললেন, আমাকে এ মাসের বেতন একটু বাড়িয়ে দিতে হবে। আমার মেয়ে ৩ হাজার টাকার জামা কিনতে চায়। এত টাকা কোথায় পাব? ওর বাবাও তো বেঁচে নেই। আমরা গরিব মানুষ।
মেস ম্যানেজার সবাইকে ডেকে বিষয়টি জানিয়ে দিলেন। তিন তলাবিশিষ্ট মেস। মেসের সদস্য বিশজন। রান্না বাবদ সবাই পাঁচশ টাকা করে দেয়। এবার সবাই দেড়শ টাকা করে বেশি দেবে বলে সিদ্ধান্ত নিল। রাফিয়ার মা ১০ হাজার টাকা বেতন পান। এবার পেলেন ১৩ হাজার টাকা। মানে বাড়তি আরও ৩ হাজার টাকা।
রাফিয়ার মা টাকাগুলো হাতে পেয়ে খুব কাঁদতে লাগলেন। কারণ ছাত্ররা টাকা না দিলে মেয়ের নতুন জামা কেনা সম্ভব হতো না। জামা না পেলে ছোট্ট মেয়েটির মন ভেঙে যেত। মেয়েকে নিয়ে সে বাজারে গেলেন। কিনলেন মেয়ের পছন্দমতো ৩ হাজার টাকার একটি লাল জামা। সঙ্গে ঈদের অন্যান্য বাজার করলেন। মা নিজের জন্য কিছুই কিনলেন না। কিছু টাকা মেয়ের পড়ালেখার জন্য রেখে দিলেন। মায়ের চোখের কোণে পানি টলমল করছে। তিনি তা মুখের হাসিতে লুকিয়ে ফেললেন। একজন অভাবগ্রস্ত মা এভাবেই তার সন্তানদের মুখে হাসি ফোটান। দুঃখটা আড়াল করে দেখান হাসিমাখা প্রিয় মুখ। মায়ের এই ত্যাগের কথা অনেকেই বুঝতে পারে না।
রাফিয়া মাকে জড়িয়ে ধরে। সে বলল, মা, আমার ঈদের লাল জামা কত সুন্দর! তুমি আমার সুন্দর মা।
মায়ের হাসি এ কথায় আরও চওড়া হয়।

