ফিরছে তত্ত্বাবধায়ক গণভোট- এমন বাক্যে জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে। বড় বিষয় হচ্ছে-ফিরে পাবেন নিজের ভোটাধিকার। দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীনের অধীনে নির্বাচন হওয়ার কারণে এসব জনগণ স্বপ্ন মনে করেন। কিন্তু এখন স্বপ্ন নয়, সত্যি-বাস্তবে পরিণত হচ্ছে জনগণের স্বপ্ন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু ধারা বাতিল হওয়ায় জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী মামলায় বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং গণভোট পুনর্বহাল করে রায় দিয়েছেন হাইকোর্ট। গত মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট ফিরিয়ে এনে পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখলবিষয়ক ৭-এর ক ও খ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। এই অনুচ্ছেদে অবৈধভাবে ক্ষমতা দখলের সঙ্গে জড়িত ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহী হিসেবে গণ্য করে প্রচলিত আইনে তার সর্বোচ্চ দণ্ডের কথা বলা রয়েছে। এর মাধ্যমে দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের প্রচলিত ব্যবস্থা বাতিল হয়ে গেল।
এ ছাড়া নির্বাচনী ব্যবস্থার বাইরে ক্ষমতাসীন বর্তমান অন্তর্বর্তী সরকারও বৈধতা পেয়েছে। আদালত বলেছেন- সংসদীয় কার্যপ্রণালীর ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী এটি যথাযথ হয়নি। এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের বিধান বাতিল হয়ে গেল। তার জায়গায় ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হলো, জনগণ ফিরে পেল ভোটাধিকার। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন এনেছিল বিগত আওয়ামী লীগ সরকার। ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাস হয়। ওই সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর পর দেশে গত তিনটি নির্বাচন আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। যেখানে দেশ তো বটেই আন্তর্জাতিক মহলেও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত ১৮ আগস্ট সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন। আদালত রুল জারি করলে এর সঙ্গে বিএনপি, গণফোরাম, জামায়াতসহ সংস্থা, ব্যক্তিসহ বেশ কয়েকজন যুক্ত হন। এ উদ্যোগের ফল হচ্ছে এই ঐতিহাসিক রায়।
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে। অন্যদিকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি হওয়ার কথা আগামী ১৯ জানুয়ারি। বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সুরাহা হবে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির কারণে গত তিনটি নির্বাচনের (২০১৪, ২০১৮ ও ২০২৪) মধ্য দিয়ে গণতান্ত্রিক কাঠামো এবং নির্বাচনি ব্যবস্থার পাশাপাশি জনগণের আস্থা ধ্বংস করে দেয়া হয়েছে, যা খুবই দুঃখজনক। এ ঐতিহাসিক রায়ের মাধ্যমে ফিরছে তত্ত্বাবধায়ক গণভোট, জনগণ ফিরে পাচ্ছেন ভোটাধিকার। পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না। বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আগামী জাতীয় সংসদের ওপর ছেড়ে দিয়েছেন আদালত। সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে। এদিকে প্রধান আলোচনা জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার করার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে নির্বাচনসহ বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে সময় পার করছে। এরমধ্যে কোনোটি দৃশ্যমান আবার কোনোটি অদৃশ্য চ্যালেঞ্জ। ইতোমধ্যে নানা বিষয়ে রাজনৈতিক দল এবং আদর্শের বিরোধ গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট হয়ে উঠছে। প্রত্যাশার তালিকায় যে প্রসঙ্গগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথমেই আসবে নির্বাচন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা সম্পর্কে একটি ধারণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
গত সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, ‘২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।’ এই হিসাবে এক থেকে সর্বোচ্চ দেড় বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা- তারা অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে। জনগণের কথা ভেবে নিকট অতীতের ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত বহু প্রতীক্ষিত নির্বাচনে অবাধে ভোট দেয়ার পরিবেশ নিশ্চিত করতে পারলেই- সুস্থ, সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে। সংবিধান কেবল অতীত ও বর্তমানকে নিরূপণ করে না। এটা ভবিষ্যতেরও দিশারি। একইভাবে সংবিধান কেবল একটি দালিলিক বিষয় নয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য সংবিধান একটি জাতির ভিত্তি এবং মৌলিক নির্দেশকও। একই সঙ্গে তা বিকাশমান এবং পরিবর্তনশীল।
যে কারণে সর্বশেষ সরকারকে জনগণের আন্দোলনের মুখে বিতাড়িত হতে হয়েছে। সরকারকে বিতাড়িত করতে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। শুধু তাই না, পরিবর্তিত পরিস্থিতিতে জনগণের আকাঙ্খা হচ্ছে একটি নতুন গণতন্ত্র, নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ যা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। সর্বোপরি, সরকারকে কৌশলী হতে হবে। যেহেতু নির্বাচন, গণতন্ত্র বাংলাদেশের সংবিধানের মূল কাঠামো, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নির্বাচন ও গণতন্ত্রকে সুসংহত করেছে, সেহেতু এটি সংবিধানের একটি মূল কাঠামো। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাংলাদেশের সংবিধানের মূল কাঠামোর একটি অংশ। তবে পুরোপুরি ফিরিয়ে আনতে আরো কিছু কাজ বাকি আছে, আশা করছি এসব সমাধান হবে। দেশ ও জনগণের স্বার্থেই এ কাঠামোটি গুরুত্ব দিয়ে অগ্রসর হবে সরকার- এমন প্রত্যাশা সবার।

