মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য অস্ত্র হাতে লড়াই করেছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকার। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত কুলখানিতে সমবেত হন প্রায় পাঁচ হাজার মানুষ। এতে অংশ নেন সরকারের দুই প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, সিটি করপোরেশনের প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের উপস্থিতিতে গাজীপুর মহানগরীর পূবাইলের খিলগাঁও এলাকায় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমা গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের খিলগাঁও জামে মসজিদে মরহুমের কুলখানি উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তাঁর কবর জিয়ারত ও গণভোজের আয়োজন করা হয়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার মুসল্লি অংশ নেন।
প্রিয় মানুষটিকে শেষবারের মতো স্মরণ করতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা ও এলাকাবাসী। দোয়া মাহফিলে বক্তারা মহান মুক্তিযুদ্ধে আবদুর রউফ সরকারের অবদান, দেশপ্রেম এবং সমাজের প্রতি তাঁর দায়িত্বশীল ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় অনেককে আবেগাপ্লুত হতে দেখা যায়।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঢাকার হাফেজ মাওলানা আবদুল্লাহ আল হারুন।
কুলখানিতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু বকর সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার এরশাদ, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ এবং গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি মো. আখতার হোসেন।
এ ছাড়া স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকার গত ২০ জুলাই রাতে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। পরদিন ২১ জুলাই বিকেলে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া আবদুর রউফ সরকার বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিতির পাশাপাশি এলাকায় একজন সজ্জন, বিনয়ী ও সমাজসেবী ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর একান্ত সচিব আবু বকর সরকারের বাবা।
এসএ

