ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং প্রবন্ধ পাঠের সময় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করাকে কেন্দ্র করে তীব্র হট্টগোল ও উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে জয়পুরহাটে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা। উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসনের এমন ভুলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিমন্ত্রী আব্দুল বারী। পরে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন জেলা প্রশাসক।
শনিবার জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি দেখতে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। একপর্যায়ে অনুষ্ঠানস্থলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ঢাকা থেকে আনা শহীদ জিয়ার একটি পোস্টার ব্যানারে ঝুলিয়ে দিলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।
তবে বিতর্কের অবসান ঘটেনি। সভা চলাকালে জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মারুফ প্রবন্ধ পাঠের একপর্যায়ে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসেবে সম্বোধন করেন। এতে সভাস্থলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে জেলা ছাত্রদলের সভাপতি শুভ মঞ্চে উঠে এর তীব্র প্রতিবাদ জানান। পরে উপস্থিত নেতাকর্মীরা তাঁকে মঞ্চ থেকে নামিয়ে আনেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান মাইক হাতে নিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জাতীয় দিবসের অনুষ্ঠানে এ ধরনের ভুলের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে জেলা প্রশাসনকে দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনার পর জেলা প্রশাসক আল মামুন মিয়া তাঁর বক্তব্যে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
সভায় জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, প্রশাসনের ভেতরে এখনও ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করতে হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারী ইচ্ছাকৃতভাবে এ ধরনের ভুল করে থাকলে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এসএ

