চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণায় অসতর্কতাবশত বেজে ওঠে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মাইকে দলীয় গান ও বক্তব্য প্রচারের কর্মসূচি নেয় নগর বিএনপি। সকাল থেকে আগ্রাবাদ এলাকায় মাইকে নিয়মিত দলীয় সংগীত ও ভাষণ বাজানো হচ্ছিল। এর একপর্যায়ে হঠাৎ মাইকে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বেজে ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৬ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আগ্রাবাদের একটি ব্যস্ত সড়কের পাশে লাগানো মাইকে গানটি উচ্চশব্দে বাজছে এবং সড়কে যানবাহন চলাচল করছে।
ঘটনার বিষয়ে চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা জানান, দিবসটি ঘিরে নগরের বিভিন্ন পয়েন্টে মাইকে প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে দলের কর্মসূচিতে অন্য একটি গান বাজার ভিডিও তাঁদের নজরে এসেছে। তবে কীভাবে এবং কারা গানটি বাজিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল জানান, ভিডিওটি নজরে আসার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকরা জানিয়েছেন, মূলত ইউটিউব থেকে ধারাবাহিকভাবে দলীয় গান বাজানো হচ্ছিল। অটো-প্লে থাকায় হঠাৎ করে গানটি চলে আসে। বিষয়টি বুঝতে পেরেই দ্রুত তা বন্ধ করে দেওয়া হয়। এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও অসতর্কতাবশত ঘটেছে।

