তপ্ত রোদ! মাঝেমাঝে বৈশাখী ঝড়ে ঝরে পড়া আমের মৌ মৌ গন্ধ। বৈশাখের মাঝামাঝি রোদ্দুরে মৃদু বাতাস পরশ বুলিয়ে দিচ্ছে। জানান দিচ্ছে প্রকৃতিতে এসেছে রোদ-বৃষ্টির গ্রীষ্ম। শীত-বসন্ত পেরিয়ে ষড়ঋতু বাংলায় এসেছে ফুল-ফলের ঋতু গ্রীষ্ম। গ্রীষ্মের আগমনে প্রকৃতিতে সেজেছে নানান ফুলে-ফলে। হলুদ আভার সোনালু আর বেগুনি জারুলের সাথে আসছে রক্তিম আভার কৃষ্ণচূড়া। গাছে গাছে আম-কাঠাঁলের মোহনীয় গন্ধ আর মাঠের সোনালি ধানে প্রকৃতির এমন আগমনে বিমোহিত বাংলার পথ-প্রান্তর।
প্রকৃতির কথা আসলেই পৃথিবীর সবচেয়ে মাতোয়ারা প্রকৃতির দেখা মিলে এই বাংলাদেশে। এদেশের প্রকৃতি সাজে ভিন্ন ভিন্ন আবায়, ভিন্ন আবহে। দেশের গ্রাম গঞ্জের সঙ্গে সেজেছে লালমাটির ক্যাম্পাস খ্যাত সবুজে ঘেরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দেশের মধ্য-পূর্বাঞ্চলের এই বিদ্যাপীঠ ঋতুভেদে সাজে নানা রঙে। শরতের কাশফুল, বর্ষার রক্তমাখা কৃষ্ণচূড়া কিংবা গ্রীষ্মের জারুল-সোনালু। এবারও ব্যতিক্রম হয়নি প্রকৃতির সাজে। বন্ধ ক্যাম্পাসে যেন শিক্ষার্থীদের অপেক্ষায় জারুল-সোনালু।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শহিদ মিনার দীর্ঘ সড়কের দুপাশে সাজানো কৃষ্ণচূড়ার সারি সারি গাছ। মাঝে মাঝে বেগুনী রঙের জারুল আর হলুদ আভায় ঝুলছে সোনালুর তোড়া। দেখে মনে হবে রক্তজরা কৃষ্ণচূড়ার মাঝে রংধনুর কয়েক রঙ। বিশেষ করে জারুল- সোনালুর দেখা মিলে মুক্তমঞ্চ থেকে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার মধ্যেবর্তী সড়কে। জারুল-সোনালু তোড়ায় তোড়ায় দাড়িঁয়ে স্বাগত জানাচ্ছে দশনার্থীদের। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পার্শ্ববর্তী পাহাড়ে ফুটেছে জারুল।
লালমাটির পাদদেশে বেড়ে উঠা বিশ্ববিদ্যালয়টির অন্যতম প্রধান সৌন্দর্য প্রকৃতি। প্রতিবছর বৈশাখ-আষাঢ়ের মাঝে এখানে ফুটেঁ রক্তাক্ত কৃষ্ণচূড়া। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে শহীদ মিনার পর্যন্ত প্রায় ৬০০ মিনিট সড়কের দু’ধারে ২০১৯ সালে দেড়’শরও অধিক কৃষ্ণচূড়া রোপন করে বিশ্ববিদ্যালয়। এরমধ্যে অধিকাংশ গাছে এবারই প্রথম ফুল ফুটেছে। অনেকে এই সড়কের নাম দিয়েছে কৃষ্ণচূড়া সড়ক বলে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সম্মুখ অংশে, জিরো পয়েন্ট থেকে ফ্যাকাল্টি রোডে ফুটেছে কৃষ্ণচূড়া। ক্যাম্পাসে এমন সাজ যে কাউকে আকৃষ্ট করবে। মুগ্ধতা ছড়াবে প্রকৃতি প্রেমীদের। প্রকৃতির এমন প্রেমে মুগ্ধ হয় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ আগত দর্শনার্থীরা।
জারুল-সোনালুতে মুগ্ধ হয়ে তানভীর আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে রঙ বদলায় আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি। ঋতুভেদে নানা রঙে সেজে উঠে ৫০ একর। পাহাড় আর সবুজের মাঝে এবার এসেছে বেগুনী জারুল, কৃষ্ণচূড়ার লাল আভা আর হলুদ পাখি সোনালু। এই রঙ বেরঙের প্রকৃতির প্রেমী পড়তে বাধ্য করবে সবাইকে।

