রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর (পিএসসি) নির্দেশক্রমে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, নায়েব সুবেদার মো. মাসুদুর রহমান এবং নায়েব সুবেদার মো. ফারুক হোসেন স্থানীয় অসহায় ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাঁদের হাতে অনুদানের অর্থ পৌঁছে দেন।
এ সময় হৃদয় রঞ্জণ দেওয়ানকে উন্নত চিকিৎসার জন্য ১০ হাজার টাকা, ডজেন ত্রিপুরাকে মেয়ের অকালমৃত্যুর পর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করার জন্য ৫ হাজার টাকা এবং জোনাল ত্রিপুরাকে চিকিৎসার জন্য ৩ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা মনে করেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।
দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসএ

