শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে নয়টি পোশাক কারখানায় বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া মহানগরীর কোনাবাড়ী এলাকায় এমএম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড নামে দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি কার্যকর ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার সকালে শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিরচালা এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে লেবেন্ডা ও এপেক্স কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে আটকা পড়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন। ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মৌচাক ও আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে এটিএস অ্যাপারেল, লোগো ফ্যাশন, বে ফুটওয়্যার ও পূরবী গ্রুপের কারখানা রয়েছে। সব মিলিয়ে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে নয়টি কারখানা বৃহস্পতিবারের জন্য বন্ধ রাখা হয়।
অন্যদিকে শ্রমিক অসন্তোষের জেরে কোনাবাড়ী এলাকার দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা দুটি হলো এমএম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড। ইতিমধ্যে কারখানা দুটির প্রধান ফটকে বন্ধের ঘোষণা দিয়ে নোটিশ টাঙিয়েছে কর্তৃপক্ষ।
নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত ১০ নভেম্বর থেকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করছেন। তাঁদের কাজে ফেরার অনুরোধ জানানো হলেও শ্রমিকেরা তাতে সাড়া দেননি। এ ছাড়া শ্রমিকদের একাংশ কারখানায় ভাঙচুর চালিয়ে কারখানা ত্যাগ করেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় কারখানার সম্পদ ও জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের কারণে গাজীপুরের বিভিন্ন এলাকায় নয়টি কারখানা বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া কোনাবাড়ী এলাকায় দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. সোহেল রানা বলেন, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ছিল। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান ও তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। মৌচাক এলাকার এটিএস অ্যাপারেল, লোগো ফ্যাশন, বে ফুটওয়্যার ও পূরবী গ্রুপসহ কয়েকটি কারখানায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি প্রশাসনের নজরদারিতে রয়েছে।
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। যদিও দুপুরের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবু শ্রমিকদের মজুরি ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে উদ্বেগ কাটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব্যাহত রয়েছে।
এসএ

