দেশে অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী। তাঁর দাবি, সারা দেশে পতিত শক্তি পরিকল্পিতভাবে নাশকতার অপচেষ্টা চালাচ্ছে, তবে দেশের মানুষের কাছে তারা গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবীর রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে অর্থপাচার ও নানা মাধ্যমে দেশবিরোধী অপতৎপরতা চালানোর চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার মতো ঘটনাও ঘটানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রিজভীর মতে, এ ধরনের কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না এবং এসব কর্মকাণ্ড করে অপশক্তি বেশিদিন টিকে থাকতে পারবে না।
তিনি আরও অভিযোগ করেন, এই অপশক্তি কখনো চুপচাপ বসে থাকে না এবং বিভিন্ন অপকৌশলে লিপ্ত থাকে। পাশাপাশি টেলিভিশন টকশোগুলোতেও ফ্যাসিস্টের দোসররা নানাভাবে মিথ্যা বয়ান তৈরি করছে বলে দাবি করেন তিনি।
ডিআর

