শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ সমঝোতার আওতায় উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে দুই বিশ্ববিদ্যালয়। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করবে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচজন শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে (ফুল-ফান্ডেড) বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়টি। এ উদ্যোগের ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।
সমঝোতা স্মারক অনুযায়ী, কারিকুলাম ও সিলেবাস সংস্কার, অকুপেশনাল সায়েন্স, ক্লিনিক্যাল ল্যাব সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাইবার সিকিউরিটি, হসপিটালিটি ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে যৌথভাবে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে দুই বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ রবিবার (৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।
এসএ

