নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ডসংলগ্ন শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৯ শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ৬৩ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীদের সুচিকিৎসা, অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্ত এবং আবাসিক মাদরাসাগুলোতে অগ্নিনিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।
আল-হাইআতুল উলয়া: অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের দাবি
আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে মাদরাসার দ্বিতীয় তলার গ্রন্থাগারে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩টা ৪৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার সময় মাদরাসায় প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী অবস্থান করছিলেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৭ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে আবাসিক কওমি মাদরাসাগুলোতে বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা, অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিশ্চিত করা এবং জরুরি বহির্গমন পথ সচল রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির অফিস ব্যবস্থাপক মুহা. ওছিউর রহমান।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস: শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবি
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদুজ্জামান এবং সভাপতি পরিষদের সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন এক যৌথ বিবৃতিতে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তাঁরা জানান, এ ঘটনায় ৬৩ শিক্ষার্থী অসুস্থ হয়েছেন, যাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। অসুস্থ শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং আবাসিক মাদরাসাগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তাঁরা।
কওমি পরিষদ: নিরপেক্ষ তদন্তের আহ্বান
কওমি পরিষদের সভাপতি মুফতি ইমরানুল বারী সিরাজী জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৭ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি অসুস্থ শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি অগ্নিকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
জমিয়তে উলামায়ে ইসলাম: অগ্নিনিরাপত্তা জোরদারের দাবি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক বিবৃতিতে অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মাদরাসাগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তাঁরা।
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ: মাদরাসা পরিদর্শন
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী মঙ্গলবার মাদরাসাটি পরিদর্শন করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে তাঁরা সেখানে গিয়ে পরিস্থিতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এনএ

