প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর বাংলাদেশ রেলওয়ের দশম গ্রেডের ১১ ক্যাটাগরির ৫১৬টি উপ-সহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা বাতিল করা হয়েছে। এই পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত হয়েছিল।
পুনরায় সুবিধাজনক সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সোমবার বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নেয়া এমসিকিউ লিখিত পরীক্ষা বাতিল করা হলো।
উল্লেখ্য, এর আগে গত ৫ জুলাই অনুষ্ঠিত পিএসসির অধীনে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির দু’জন উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
রেলওয়ের এ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছিল পিএসসি। ওই সময় এই নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও করেছিলেন চাকরিপ্রার্থীরা।
মানবকণ্ঠ/আরআই

