পাওনা মাত্র দুই হাজার টাকার জের ধরে এক বন্ধুকে মদ খাইয়ে পরিকল্পিতভাবে চলন্ত মোটরসাইকেলে গলা কেটে হত্যাচেষ্টা করেন তারই দুই বন্ধু। আহত যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৭)। এঘটনায় জড়িত দুই বন্ধুকে শুক্রবার রাতেই গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। সাগর (৩২) ও শাহেদ (৩৫)। তিনজনই মোটর মেকানিক।
আহত জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার শ্বাসনালী কেটে গেছে। শুক্রবার মধ্যরাতে মিরপুরের লাভ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন জানান, আহত জাহাঙ্গীর একজন গাড়ি চালক ও মোটর মেকানিক। তার বন্ধু সাগর ও শাহেদও মোটর মেকানিক। জাহাঙ্গীরের কাছ থেকে দুই হাজার টাকা পেতেন সাগর। এই টাকা নিয়েই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীরকে হত্যার পরিকল্পনা করেন সাগর, শাহেদ। প্রথমে তিন বন্ধু মোটরসাইকেলে চড়ে বিভিন্ন স্থানে ঘুরে। শাহেদ বাইক চালায়, সাগর পেছনে বসে আর দুইজনের মাঝে বসানো হয় জাহাঙ্গীরকে। পথেমধ্যি তারা মদ খায়। রাত পৌনে ১২ টার দিকে তাদের মোটরসাইকেল লাভ রোড এলাকায় পৌঁছাতেই চলন্ত মোটরসাইকেলেই সাগর জাহাঙ্গীররের গলা কেটে দেন। এরপর চলন্ত গাড়ি থেকে ফেলে দেন। গলাকাটা অবস্থায় জাহাঙ্গীর হেঁটে হেঁটে কিছু দূর যান এবং কয়েকজনের কাছে সহযোগিতা চান। কিন্তু তার অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
ওসি আরও জানান, বর্তমানে জাহাঙ্গীর আশঙ্কামুক্ত হলেও তার শ্বাসনালী কেটে গেছে। এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা আব্দুল হালিম একটি মামলা দায়ের করেছেন। মামলার দুই আসামি সাগর ও শাহেদকে রাতেই গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাচেষ্টায় ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল এবং আসামির রক্তমাখা জামা।

