রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে ভেতরে ঢুকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে থানার সীমানার ভেতরে থাকা নারী ও শিশু হেল্পডেস্কের কক্ষের সামনের আমগাছের নিচে এই বিস্ফোরণ ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম জানান, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত থানার প্রধান ফটকের বাইরে এসে থামে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা গেটের বাইরে থেকে থানা চত্বর লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছুড়ে মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়। ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্ক ভবনের সামনের আমগাছের নিচে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করে।
তিনি আরও জানান, থানা প্রাঙ্গণে আকস্মিক এ বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

