রাজধানীর মিরপুরে যাত্রী নামানোর পরপরই রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০ টার দিকে মিরপুর-১ নম্বরের টেকনিক্যালগামী সড়কে ফুটওভার ব্রিজ ও মসজিদ মার্কেটের সামনের বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আল আমিন জানান, বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে বাসে ওঠা দুর্বৃত্তরা গানপাউডার জাতীয় কিছু ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।




