হোয়াটসঅ্যাপে ভিডিওকল করে আপত্তিকর ছবি প্রদর্শনের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ‘এন হাসান হাকিব’ নামের একটি অ্যাকাউন্ট থেকে তাকে ভিডিওকল করা হয়।
জিডি সূত্রে জানা গেছে, বিকেল ৩টা ৪৪ মিনিটে ০১৩৫০৪৮৯০৩৩ নম্বর থেকে সিরাজুল ইসলামের হোয়াটসঅ্যাপে একটি ভিডিওকল আসে। কলটি ধরার সঙ্গে সঙ্গে অপর প্রান্তে থাকা এক পুরুষের আপত্তিকর ছবি দেখতে পান তিনি। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে কলটি কেটে দেন।
এ ঘটনায় নিজের সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সিরাজুল ইসলাম। তার আশঙ্কা, ব্যক্তিগতভাবে হেনস্তা, সামাজিকভাবে বিব্রত এবং সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এদিকে, অপরিচিত নম্বর থেকে আসা ভিডিওকলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, এ ঘটনায় একটি জিডি হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।




