রাজধানীর পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন সাত ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভবনের সংকীর্ণ সিঁড়ি, ভেন্টিলেশন না থাকা এবং গোডাউনে গাদাগাদি করে মালামাল রাখার কারণে আগুন নেভাতে কর্মীদের বেগ পেতে হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ঘটনাস্থলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১-এর জোন কমান্ডার মোহাম্মদ এনামুল হক।
তিনি জানান, সাততলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত গোডাউনটিতে বিপুল পরিমাণ মালামাল গাদাগাদি করে রাখা ছিল। ভবনে একটি মাত্র সংকীর্ণ সিঁড়ি থাকায় এবং বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় ভেতরে ধোঁয়া ও তাপ জমে যায়। পরিস্থিতি বিবেচনায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট আনা হয়। সব মিলিয়ে পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন আশপাশে ছড়িয়ে পড়তে দেওয়া হয়নি।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এনামুল হক বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
ভবনের অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, কয়েক দিন আগেই এলাকায় জনসচেতনতা বাড়াতে মহড়া চালানো হয়েছিল। এ সময় স্থানীয়দের ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ প্রচার, আগুন লাগলে করণীয় এবং নিরাপদে মালামাল মজুত রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। তবে ভবনে একটি মাত্র সিঁড়ি ও গাদাগাদি করে মালামাল রাখার মতো অব্যবস্থাপনা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।





