রাজধানীতে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত পাঁচটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাতিরপুল, ধানমন্ডি, কলাবাগান, ওয়ারী, কাফরুল ও বনানী থানা এলাকায় পৃথক এসব ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে অন্য ঘটনাগুলোতে জড়িত কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।
ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাফরুল থানার ওসি আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ধাওয়া করলেও আটক করতে পারেননি।
এদিকে রাত ১০টার দিকে বনানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বনানী থানার ওসি মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সবশেষ রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ জানায়, এসব ঘটনায় হাতিরপুল থেকে একজনকে আটক করা ছাড়া অন্য কোথাও কাউকে আটক করা সম্ভব হয়নি।





