সাতক্ষীরায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন আমির হামজা নামে এক যুবক। এ সময় তাঁর কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ও একটি মোবাইলফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেনাসদস্য পরিচয়ে বিয়ের কথা বলে এক তরুণীকে দেখতে যান আমির হামজা। এ সময় তাঁর পরিচয় নিয়ে তরুণীর পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে কথাবার্তা ও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পরিচয়ের অসংগতি ধরা পড়লে স্থানীয়রা তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, আটক যুবকের জাতীয় পরিচয়পত্রে নাম আমির হামজা থাকলেও তাঁর কাছ থেকে উদ্ধার করা সেনাবাহিনীর পরিচয়পত্রে নাম উল্লেখ রয়েছে মিনাজ উদ্দীন। এ সময় একটি পরিচয়পত্র ও মোবাইলফোন জব্দ করা হয়।
আমির হামজা সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি সাতক্ষীরা আদালতে মুহুরি হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিএইচ





