কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে মহাকাশে ১০ লাখ স্যাটেলাইটভিত্তিক ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা করেছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তাঁর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের এ পরিকল্পনায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)।
গত বুধবার (২৫ নভেম্বর) ‘স্টারমাইন্ড’ নামের প্রকল্পটির অনুমোদন দেয় এফসিসি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পৃথিবীর নিম্ন কক্ষপথে গড়ে উঠবে বিশাল কম্পিউটিং নেটওয়ার্ক। এসব স্যাটেলাইটে এআইয়ের জন্য প্রয়োজনীয় বিপুল তথ্য প্রক্রিয়াকরণ করা হবে। পরে প্রক্রিয়াকরণের ফলাফল পৃথিবীতে পাঠানো হবে।
এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠানকে একসঙ্গে ১০ লাখ অরবিটাল কম্পিউটিং মডিউল স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, এআই প্রযুক্তির উন্নয়নে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের প্রয়োজন মেটাতে এসব স্যাটেলাইট কাজ করবে।
মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের কারণ
বর্তমানে এআই প্রযুক্তি পরিচালনা ও উন্নয়নের জন্য বড় আকারের ডেটা সেন্টারের প্রয়োজন হচ্ছে। এসব কেন্দ্রে বিপুলসংখ্যক সার্ভার ও শক্তিশালী কম্পিউটার চালাতে প্রচুর বিদ্যুৎ লাগে। পাশাপাশি সার্ভারের উৎপন্ন তাপ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন হয় বিশেষ শীতলীকরণ ব্যবস্থা, যেখানে বিপুল পরিমাণ পানি ব্যবহৃত হয়।
স্পেসএক্সের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি স্যাটেলাইটে থাকবে বিশেষায়িত এআই কম্পিউটিং ব্যবস্থা। সৌরবিদ্যুৎ ব্যবহার করে এগুলো পরিচালিত হবে। পৃথিবীর নিম্ন কক্ষপথে এমনভাবে স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করা হয়েছে, যাতে দীর্ঘ সময় সূর্যালোক পাওয়া যায়।
স্পেসএক্সের দাবি, পৃথিবীতে নতুন ডেটা সেন্টার নির্মাণের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের চাহিদাও বাড়ছে। এ অবস্থায় বিদ্যুৎ, জমি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা মোকাবিলায় মহাকাশে ডেটা সেন্টার স্থাপন বিকল্প হতে পারে। প্রতিষ্ঠানটি এ ব্যবস্থাকে কম খরচের ও উচ্চ কর্মক্ষম বলে দাবি করেছে।
যুক্তরাষ্ট্রের অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি স্টাডি ইনস্টিটিউটের ২০২৫ সালের তথ্য অনুযায়ী, বড় আকারের একটি ডেটা সেন্টার প্রতিদিন সর্বোচ্চ ৫০ লাখ গ্যালন পানি ব্যবহার করতে পারে। ১০ হাজার থেকে ৫০ হাজার মানুষের বসবাসের একটি শহরের দৈনিক পানির চাহিদার সমান এই পরিমাণ। এ ছাড়া ডেটা সেন্টার পরিচালনায় জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ ব্যবহার করা হলে কার্বন নিঃসরণও বাড়ে।
এ কারণে যুক্তরাষ্ট্র, কেনিয়া ও ভারতের বিভিন্ন এলাকায় ডেটা সেন্টার নির্মাণের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ হয়েছে। তাঁদের অভিযোগ, এসব স্থাপনার জন্য অতিরিক্ত পানি ও বিদ্যুৎ ব্যবহারের ফলে স্থানীয় সম্পদের ওপর চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে পানির সংকট থাকা এলাকাগুলোতে বিষয়টি আরও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
বাস্তবায়নে বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ
মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করা গেলে জমি, বিদ্যুৎ ও পানির ওপর চাপ কমানো সম্ভব হতে পারে বলে মনে করছে স্পেসএক্স। তবে পরিকল্পনাটি বাস্তবায়নে বেশ কিছু জটিল প্রযুক্তিগত বাধা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্যাটেলাইটের কম্পিউটিং ব্যবস্থা থেকে উৎপন্ন তাপ নিয়ন্ত্রণ।
পৃথিবীতে ডেটা সেন্টারের সার্ভার ঠান্ডা রাখতে বাতাস ও পানির মাধ্যমে তাপ অপসারণ করা হয়। কিন্তু মহাকাশে বায়ুমণ্ডল না থাকায় একই পদ্ধতি ব্যবহার করা সম্ভব নয়। সেখানে বিশেষ তাপ বিকিরণকারী ব্যবস্থা তৈরি করতে হবে। এতে প্রকল্পটির ব্যয় ও প্রযুক্তিগত জটিলতা বাড়তে পারে।
এদিকে এত বিপুলসংখ্যক স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানী ও পরিবেশবিদেরা। তাঁদের আশঙ্কা, স্যাটেলাইটের প্রতিফলিত আলো ও রেডিও তরঙ্গের কারণে রাতের আকাশ পর্যবেক্ষণ এবং দূরবর্তী নক্ষত্র, গ্রহসহ বিভিন্ন মহাজাগতিক বস্তু নিয়ে গবেষণা বাধাগ্রস্ত হতে পারে।
যুক্তরাষ্ট্রের আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (এএএস) এফসিসির অনুমোদনের সমালোচনা করেছে। সংস্থাটির মতে, বিশাল এই স্যাটেলাইট নেটওয়ার্ক মহাকাশ গবেষণার জন্য কয়েক দশক ধরে গড়ে ওঠা অবকাঠামো ও বিনিয়োগের ক্ষতি করতে পারে। এতে রাতের আকাশ পর্যবেক্ষণ ও গবেষণার সুযোগও সীমিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এএএস আরও বলেছে, স্যাটেলাইট পরিচালনার ক্ষেত্রে স্পেসএক্সের সঙ্গে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সমন্বয়ের বিষয়টি অনুমোদনপত্রে বাধ্যতামূলক করা হয়নি।
উৎক্ষেপণ ও পরিচালনা নিয়েও প্রশ্ন
মহাকাশে এত বিপুলসংখ্যক স্যাটেলাইট পাঠানোর বাস্তবতা নিয়েও প্রশ্ন উঠেছে। বর্তমানে পৃথিবীর কক্ষপথে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা প্রায় ১৭ হাজার। এর মধ্যে স্পেসএক্সের স্টারলিংক নেটওয়ার্কের স্যাটেলাইট রয়েছে ১১ হাজারের বেশি। সেই তুলনায় নতুন প্রকল্পে অনুমোদিত ১০ লাখ স্যাটেলাইটের সংখ্যা অনেক বেশি।
এফসিসির অনুমোদন অনুযায়ী, স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে মোট অনুমোদিত স্যাটেলাইটের ১০ শতাংশ বা এক লাখ কক্ষপথে স্থাপন করতে হবে। ২০৩৮ সালের মধ্যে অর্ধেক এবং ২০৪০ সালের মধ্যে পুরো নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণ ও পরিচালনার জন্য বিপুলসংখ্যক রকেট উৎক্ষেপণ করতে হবে। পাশাপাশি স্যাটেলাইটের মধ্যে সংঘর্ষ এড়ানো এবং মহাকাশ বর্জ্য ব্যবস্থাপনার মতো জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কোনো স্যাটেলাইট অকেজো হয়ে গেলে সেটি মেরামত বা প্রতিস্থাপন করাও ব্যয়বহুল হতে পারে।
এ ছাড়া বিপুলসংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ এবং মেয়াদ শেষে বায়ুমণ্ডলে প্রবেশের সময় পরিবেশের ওপর কী প্রভাব পড়বে, তা নিয়েও উদ্বেগ রয়েছে। পৃথিবীর নিম্ন কক্ষপথে মহাকাশ বর্জ্য বেড়ে গেলে ভবিষ্যতে স্যাটেলাইট পরিচালনা ও মহাকাশ অভিযান ঝুঁকির মুখে পড়তে পারে।
সূত্র: আলজাজিরা
বিএইচ





