কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির আগের রাতে রাজধানীর পৃথক তিন স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে মোহাম্মদপুর এলাকা থেকে দলটির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৭টা ৪০ মিনিটের দিকে মিরপুর-১০ নম্বরের বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে ইতিহাস পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে রাত ১১টার দিকে ভাষানটেক থানার টিনশেড এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাষানটেক থানার ডিউটি অফিসার মেহেদী হাসান জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আধা ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে পল্টনের দৈনিক বাংলা মোড়ে আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পল্টন থানার ডিউটি অফিসার মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বাসটিতে কারা বা কীভাবে আগুন দিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
অন্যদিকে, রাত ১টার দিকে পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এইচ এম কবির হিরাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএইচ





