ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদপ্রত্যাশী বলকান অঞ্চলের দেশ আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগের দাবিতে শনিবার (২৮ নভেম্বর) দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে রাজধানী তিরানায় রাজপথে নামেন হাজারো মানুষ।
একপর্যায়ে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ব্যবহার করে।
মুখোশ পরা একদল বিক্ষোভকারী সরকারি ভবনে পাথর নিক্ষেপ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের বাধায় তারা সামনে অগ্রসর হতে পারেননি।
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কর্মসংস্থানের সংকট, শিক্ষার নিম্নমান এবং দুর্বল স্বাস্থ্যসেবা নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরে অসন্তোষ বাড়ছে। এর জেরে গত অক্টোবরের মাঝামাঝি রাজধানী তিরানায় বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে।
বিক্ষোভে অংশ নেওয়া ৪৫ বছর বয়সী প্রকৌশলী এরালদা বাজে বলেন, দুর্নীতি, দারিদ্র্য এবং নাগরিকদের দেশত্যাগের সমস্যা আর মেনে নেওয়া সম্ভব নয়। আন্দোলনকারীরা উন্নত জীবনমান ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবিতেও স্লোগান দেন।
এর আগে গত গ্রীষ্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সমর্থনপুষ্ট একটি বিলাসবহুল উপকূলীয় উন্নয়ন প্রকল্পের বিরোধিতা করে আন্দোলন শুরু হয়েছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় নতুন করে ছড়িয়ে পড়া বিক্ষোভ এদি রামার সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।
তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে প্রধানমন্ত্রী এদি রামা বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আন্দোলন প্রশমনে কম দামে জ্বালানি সরবরাহ এবং দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছে তার সরকার।
২০১৩ সাল থেকে ক্ষমতায় রয়েছেন এদি রামা। গত বছর চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। আলবেনিয়া ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে বিশ্লেষকদের মতে, দুর্নীতির অভিযোগ ও চলমান রাজনৈতিক অস্থিরতা দেশটির ইইউতে যোগ দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স।





