আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে আজ রোববার (২৯ নভেম্বর) ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছে কমিশন।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার শনিবার এ তথ্য জানান। তিনি বলেন, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম দিনের এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।
আজকের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।
ইসি জানায়, প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত আন্দোলনের অংশ নেওয়ার কথা থাকলেও দলগুলো পরবর্তী সময়ে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছে।
২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর—তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে। আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি দল এবং ১ ডিসেম্বর এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি দলের সঙ্গে বৈঠক করবে ইসি।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হয়নি।
ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে।
বিএইচ





