পুলিশ শব্দটির আক্ষরিক অর্থেই রয়েছে পুলিশের বিনয় ও জনবান্ধব পরিচয়। কিন্তু বাংলাদেশের পুলিশ বাহিনীর পরিচয়টি ভিন্ন। লক্ষ্য করা গেছে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য করার জন্য প্রধানত যে বিষয়টি বিবেচনায় নেয়া হয় সেটি হলো-সরকারের প্রতি প্রশ্নাতীত আনুগত্য।
সরকারি চাকরি করলে সরকারের অনুগত হতেই হয়। তবে সেই আনুগত্যেরও একটা সীমা আছে। এর একটি হলো বিধিসম্মত আনুগত্য, আরেকটি দাসসুলভ আনুগত্য। যেখানে রাবার বুলেট বা সাউন্ড গ্রেনেড ছুড়েই বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করা যায়, সেখানে যদি সরকারের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য প্রাণঘাতী বুলেট ছুড়ে বিক্ষুব্ধ মানুষকে পাখির মতো মেরে ফেলা হয়, তখন সেটি হবে দাসসুলভ আনুগত্য। এই দাসসুলভ আনুগত্যই পুলিশকে একসময় দানবীয় মানসিকতায় মানবিকবোধশূন্য করে তোলে। তাদের মূল কাজই হলো আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজের দুষ্টচক্রকে চিহ্নিত করে তাদের কঠোর হাতে দমন করা।
অস্বীকার করা যাবে না যে- তাদের উপরে ‘উপরের নির্দেশ’ বলে একটা অঘোষিত চাপ চালু আছে। অধস্তন পুলিশ সদস্যদেরকে এই নির্দেশটি পালন করতে বাধ্য করা হয় সরকারের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে। এই অনাকাক্সিক্ষত নির্দেশটি পালন করতে গিয়েই হতাহতের ঘটনা ঘটে। তখন এর নিন্দনীয় দায়টি এসে পড়ে গোটা পুলিশ সমাজের ওপর। প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে পুলিশের সেবামূলক ভাবমূর্তিটি। স্বাধীনতার পর থেকে সব সরকারের আমলেই পুলিশকে এভাবেই ব্যবহার করা হয়েছে। আবার এটিও অস্বীকার করা যাবে না যে জনগণের জানমালের নিরাপত্তার ভরসার জায়গাটিও এই পুলিশ বাহিনীই।
মুক্তিযুদ্ধে সহস্রাধিক পুলিশের প্রাণ উৎসর্গ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশের মানুষকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়া, করোনা মহামারীর সময় আত্মীয়স্বজনদের ফেলে দেয়া শত শত লাশ এই পুলিশই জীবনের মায়া ত্যাগ করে দাফন/সৎকারের ব্যবস্থা করেছেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধের ক্ষেত্রে পুলিশের ভূমিকা বিশ্বের রোল মডেল হিসেবে স্বীকৃত। এ ছাড়া বিভিন্ন অপরাধীদের খুঁজে বের করে বিচারের সম্মুখীন করার ক্ষেত্রেও বাংলাদেশের পুলিশের দক্ষতা বিশ্বে প্রশংসিত।
এতকিছুর পরেও তাদের অনেক ভালো ভালো অর্জন আড়াল হয়ে যায়, যখন পথভ্রষ্ট কিছু পুলিশ সদস্য নিজেদের স্বার্থের জন্য সাধারণ মানুষের উপর চড়াও হয়ে অত্যাচার নির্যাতন চালায়, হুমকি ভয়ভীতি দেখিয়ে অনৈতিকভাবে পকেট ভরায়। মুষ্টিমেয় কিছু পুলিশের এই অনৈতিকতার দায় বহন করতে হয় গোটা পুলিশ সমাজকেই। কিন্তু বিস্ময়কর ব্যাপার যে- এই দায়ভার নিয়েও তাদের অনেকেই সরকারের আনুকূল্য লাভের প্রত্যাশায় নিজেদেরকে সরকারের লাঠিয়াল হিসেবে কলঙ্কিত করতেও দ্বিধাবোধ করেননি বা করেন না।
সদ্য সাবেক সরকার দীর্ঘ ১৫ বছর ধরে দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে, বিশেষ করে গত জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পুলিশ যেভাবে শিশু থেকে শুরু করে সাধারণ ছাত্রজনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে শত শত মানুষকে মেরে ফেলেছে, আহত করেছে, তা অত্যন্ত ধিক্কারজনক তো বটেই, এসব ঘটনা তাদের মানবিক বোধকে ন্যূনতমভাবেও স্পর্শ করেনি। ফলে তাদের প্রতি জনরোষ এতটাই তীব্র হয়েছিল যে সেই রোষের সুযোগ নিয়ে একদল সুযোগসন্ধানী দুর্বৃত্ত সাধারণ মানুষের স্থাপনা থেকে শুরু করে রাষ্ট্রীয় স্থাপনায়, এমনকি খোদ থানা পুলিশের স্থাপনাগুলোতেও অবলীলায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তাদের আক্রমণে অস্ত্রধারী পুলিশও টিকতে না পেরে ভয়ে অস্ত্র ফেলে দিয়ে থানা ছেড়ে অন্যত্র লুকিয়েছে।
স্বাধীনতার পরেও এমনভাবে পুলিশের থানা ছেড়ে যাওয়ার ঘটনা ঘটেনি। এতে বোঝা যায়-এবারের আন্দোলনকালে দুর্বৃত্তরা কতটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল থানাগুলোতে। অন্যদিকে এই পুলিশশূন্য অবস্থায় সারাদেশে চুরি, ডাকাতি, লুটতরাজ, ভাঙচুরসহ এমন এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে মানুষ ভীষণ নিরাপত্তাহীনতার মধ্যে দুর্বিষহ দিন-রাত পার করেছে। এখন যদিও পুলিশ নিজেদের কর্মস্থলে ফিরে এসেছে বা আসছে তবু তাদের মন থেকে সেই ভীতিকর দুঃসহ স্মৃতি মুছে যায়নি। না যাওয়ারই কথা। কারণ সেই সাংঘর্ষিক পরিস্থিতিতে পুলিশেরও কম প্রাণহানি হয়নি।
পুলিশের আইজিপির সাথে সভায় পুলিশের পক্ষ থেকে পুলিশের প্রাণহানির সংখ্যা হাজারের কাছাকাছি বলে অধস্তন পুলিশেরা দাবি করেছেন। যে কোনো মৃত্যুই অনাকাক্সিক্ষত ও অগ্রহণযোগ্য। কিন্তু এসব ঘটনায় পুলিশের মনোবল যে মারাত্মকভাবে ভেঙে পড়েছে, তা অস্বীকার করার উপায় নেই। সরকারি নির্দেশ পালন করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে যে ভীতিকর পরিস্থিতি তাদের মোকাবিলা করতে হয়েছে, তা এক গভীর ক্ষত বা ট্রমা সৃষ্টি করেছে তাদের হৃদয়ে। এটি কাটতে সময় লাগবে। এজন্য তাদের মনস্তাত্ত্বিকভাবে কাউন্সেলিং করে ও সাহস জুগিয়ে তাদের মন থেকে সব ধরনের ভয় ও আত্মবিশ্বাসহীনতা কাটানোর ব্যবস্থা করতে হবে। একইসাথে প্রয়োজনে বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের চেতনায় নৈতিক মূল্যবোধ জাগিয়ে মানবসেবায় উদ্বুদ্ধ করতে হবে। এটি করতে হবে শুধু তাদের জন্য নয়, জনমনে নিরাপত্তার অভাববোধকে দূর করার জন্যও প্রয়োজন পূর্ণ মনোবল ফিরে পাওয়া পুলিশের।
আরো জরুরি হলো, পুলিশ বাহিনীর কর্মপদ্ধতিকে ঢেলে সাজিয়ে এ বাহিনীকে নতুনভাবে পুনর্গঠন করা। নতুন অন্তর্বর্তীকালীন সরকার শুরুতেই পুলিশ বাহিনীর পেশ করা দাবি-দাওয়াকে আমলে নিয়ে কাজ শুরু করেছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে- এরপর থেকে পুলিশকে আর রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না। বলা হয়েছে- পুলিশ সংস্কারে স্বতন্ত্র কমিশন গঠনের কথাও। দ্রুতই এ কাজগুলো করতে হবে, যাতে পরবর্তীতে আসা রাজনৈতিক সরকার পুলিশকে ফের নিজেদের স্বার্থে ব্যবহারের সুযোগ না পায়। জনবান্ধব ও আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলার এখনই উপযুক্ত সময়।
পুলিশ নিয়োগের ক্ষেত্রে দেশপ্রেমিক, পরিশ্রমী, সৎ ও স্মার্ট তরুণদের অগ্রাধিকার দিতে হবে। তাদের পদোন্নতির ক্ষেত্রেও থাকবে একই নীতি। পুলিশের ১১ দফা দাবির মধ্যে রয়েছে- তারা রাজনীতিমুক্ত থাকতে চান। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো অবৈধ আদেশ মানবেন না। ছুটি, বেতন, ঝুঁকি-ভাতা বাড়াতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতো অধস্তনদেরও সোর্সমানি দিতে হবে। নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে ইত্যাদি। সবই ন্যায্য দাবি। সরকার নিশ্চয়ই এগুলো বিবেচনায় নিয়ে যতটা সম্ভব দ্রুত কার্যকর করবেন। আর পুলিশ সদস্যদেরও অবশ্যই ঘুষ, দুর্নীতি, মানুষকে ফাঁসিয়ে অর্থ-বাণিজ্য এসব থেকে বিরত থাকতে হবে। শুধু ৯৯৯ হটলাইন নয়, সরাসরি থানা যেন হয় মানুষের সেবা পাওয়ার একান্ত ভরসাস্থল, পুলিশ যেন হয় মানুষের বিপদের নির্ভরযোগ্য বন্ধু এটিই এখন প্রত্যাশা ও সময়ের দাবি।
লেখক: কবি, কথাশিল্পী ও কলামিস্ট।
মানবকণ্ঠ/এফআই

