অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা মেহমানের মতো। আসে, কিছুদিন থাকে, আবার চলে যায়। মেহমানের সামনে যেমন আমরা দাবি-দাওয়া উত্থাপন করি না, নিজেদের অভাব-অভিযোগের কথা বলি না, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও তাই। কিন্তু যে পরিবারে নানা কারণে অসন্তোষ থাকে, লাঞ্ছনা-বঞ্চনার গল্প থাকে, সে পরিবারের সদস্যরা চাইলেই মেহমানের সামনে সবকিছু গোপন রাখতে পারেন না। মুখ ফসকে হলেও কিছু কিছু কষ্টের কথা বলে ফেলেন, লজ্জা-শরমের মাথা খেয়ে কোনো কোনো ব্যাপারে সাহায্য বা সহযোগিতা চেয়ে বসেন।
আমাদের বিগত প্রায় সতেরো বছরের ইতিহাস মূলত লাঞ্ছনা-বঞ্চনার ইতিহাস। চোখের সামনে অসঙ্গতি আর দুর্নীতি দেখেও মুখে কুলুপ এঁটে রাখতে বাধ্য হওয়ার ইতিহাস। সেই ইতিহাসের সমাপ্তি ঘটিয়ে যখন আমরা মেহমানরূপী অন্তর্বর্তীকালীন সরকারকে পেলাম, তখন আমাদের অবস্থা অনেকটাই কিংকর্তব্যবিমূঢ়। আমরা ঠিক বুঝে উঠতে পারছি না কী করা উচিত বা কী করলে ভালো হবে। তবে এইটুকু বুঝতে পারছি, আমাদের মনে কষ্টের শেষ নেই। সেগুলোর বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
আমাদের তালিকায় দাবি-দাওয়ার শেষ নেই। সেগুলো উপস্থাপন করতে হবে। এরপর আমরা ঠিকই আদা-জল খেয়ে নেমে গেলাম দাবি-দাওয়া উপস্থাপনের কাজে। কত বিচিত্র দাবি যে আমাদের! প্রায় সতেরো বছরের জমানো দাবি। এই যে দাবির বাহার, এর সূত্র ধরেই বেড়ে চললো অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তথা করণীয়।
মানুষ দাবি জানাবে অথচ সরকার সেগুলো আমলে নেবে না; এমনটা তো হওয়ার কথা ছিল না! তাই অন্তর্বর্তীকালীন সরকার সব দাবিকেই গুরুত্ব দিচ্ছে। আর এদিকে তাদের ‘করণীয়’ রূপ নিচ্ছে ‘করণীয় সমগ্র’তে। মানে বিস্তর করণীয়, বেশুমার করণীয়। এখন যদি প্রশ্ন করা হয় প্রধানতম করণীয় কোনটা বা কোনগুলো, তাহলে প্রথমেই আসবে আইন-শৃঙ্খলার কথা। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট পচে গিয়েছিল। এতটাই পচে গিয়েছিল যে, দুর্গন্ধে টেকা যাচ্ছিল না। ফলে এখানে পরিবর্তনের বাতাস লাগাটা ছিল সময়ের দাবি। শেষ পর্যন্ত হলোও তাই।
কিন্তু একটা পরিবর্তনের পর অবস্থা আাবার আগের মতো হতে সময় লাগে। সেই সময়টা এখনও শেষ হয়নি। অন্যভাবে বললে- সেই সময়টাই এখন চলছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করণীয় এখন হয়ে দাঁড়িয়েছে আইন-শৃঙ্খলা খাতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টে। কারণ, পুলিশ ছাড়া দেশ চলতে পারে না। আর পুলিশ ছাড়া দেশ আমরা চালাতেই বা যাবো কেন? তারা কি বেতন-ভাতা নিচ্ছে না? তাহলে রাষ্ট্রকে সুরক্ষা কেন দেবে না? কিসের অভিমান তাদের? অভিমান থাকলে জনগণের থাকার কথা। যেহেতু সঠিক সেবাটা এতদিন তারা দেয়নি। হরেক দুর্নীতিতে জড়িত থেকে মানুষকে কেবল হয়রানির মধ্যেই ফেলেছে।
এখন যখন সময় পালেটছে, তখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে পা না ফেলে অভিমান করে বসে থাকবে, হাত পা গুটিয়ে রাখবে এমন পুলিশের তো দরকার নেই আমাদের! অতএব এই বিষয়ে সরকারের একটাই করণীয় হবে কঠোর হওয়া। নইলে এই পুলিশ ডিপার্টমেন্টেই বিডিআর বিদ্রোহের মতো নির্মম কোনো ঘটনা ঘটে যাওয়ার আশংকা তৈরি হতে সময় লাগবে না। মোটকথা, একটা বাহিনী যখন দেশ এবং দেশের মানুষের কল্যাণ চাইবে না, তখন তাদের পক্ষে সবই করা সম্ভব। তাই অন্তর্বর্তী সরকারের কঠোর হওয়ার বিকল্প নেই।
সাধারণ মানুষ বিগত পতিত সরকারের উপর যেসব কারণে ক্ষুব্ধ ছিল, এর মধ্যে অন্যতম প্রধান কারণ ছিল দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বা জিনিসপত্রের আকাশচুম্বী দাম। তাই পট যখন পরিবর্তন হয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে, তখন আমরা স্বপ্ন দেখতে শুরু করি জিনিসপত্রের দাম যতটুকু কমলে হাতের নাগালে আসে, ততটুকু অন্তত কমবে। কিন্তু হতাশার বিষয় হলো, এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন বা লক্ষণ আমাদের চোখে পড়েনি। অবশ্য এখনও আমরা বিশ্বাস হারাইনি। এখনও স্বপ্ন দেখছি জিনিসপত্রের দাম হাতের নাগালে আসবে। তবে এমনি এমনি আসবে না, অন্তর্বর্তীকালীন সরকারকে সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হবে।
আমাদের ঠিক জানা নেই, এহেন পদক্ষেপের জন্য এই সরকার কতটা তৈরি। তবে তৈরি তো হতেই হবে, মাঠে নেমে পড়ার কার্যক্রমটাও শুরু করে দিতে হবে। কারণ, দেশের মানুষের হাঁসফাঁস অবস্থা এই দ্রব্যমূল্যের কারণে। মানুষ যদি শান্তিতে দুটো খেতেই না পারে, তাহলে অমুক পরিবর্তন, তমুক পরিবর্তনের পদক্ষেপ কেবল পদক্ষেপ পর্যায়েই থেকে যাবে। যা কোনোভাবেই কাম্য নয়।
বিগত সরকারের আমলে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে বহু সিন্ডিকেট সক্রিয় ছিল। যাদের কারণে এক টাকার জিনিস বিক্রি হতো পাঁচ টাকায়। বর্তমান সরকারের আমলে সেসব সিন্ডিকেট সক্রিয় নেই বলেই আমরা বিশ্বাস করি। আরও বিশ্বাস করি. দ্রুততম সময়ের মধ্যে আমরা জিনিসপত্রের দামের বিষয়ে সন্তোষ প্রকাশ করতে পারবো। বলতে পারবো ওই সরকার সতেরো বছরে যা পারেনি, এই সরকার কয়েক মাসে তা করে দেখিয়েছে। আমাদের অর্থনীতির ক্ষেত্রগুলোতে এত বেশি লুটপাট হয়েছে যে, আমরা ফতুর হওয়ার পথে ছিলাম।
যদিও আমাদের কেবল উন্নয়নের গল্পই শোনানো হয়েছে। আর সেই গল্প শুনতে শুনতে কখনো আমরা ঘুমিয়ে পড়েছি, কখনও তন্দ্রাচ্ছন্ন হয়েছি। মোটকথা, উন্নয়নের গল্পটা আমাদের কাছে উপস্থাপন করা হতো রূপকথার গল্প হিসেবে। ফলে আমরা প্রভাবিত না হয়ে পারতাম না। তবে কোনো কোনো বেরসিক বলেই ফেলতো- দেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাচ্ছে অচিরেই। হ্যাঁ, পরিস্থিতি সেদিকেই যাচ্ছিল। আসলে এত লুটপাটের পর, এত দুর্নীতির পর একটা দেশ স্বাভাবিক থাকতে পারে না।
এখন অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় হচ্ছে, লুটপাটের টাকার প্রতি তীক্ষ্ণ নজর দেয়া। ইতোমধ্যে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। যা অত্যন্ত দরকারি এবং প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগ যত বেশি সফল হবে, দেশের জন্য ততই মঙ্গল। কারণ, দিনশেষে দেশ চালাতে টাকা লাগবেই। এই টাকাটা আসবে কোথা থেকে? কে দেবে? সুতরাং পাচার হওয়া এবং লুটপাট হওয়া অর্থের প্রতি নজর দেয়া ছাড়া উপায় নেই।
আমরা লক্ষ্য করছি, ব্যক্তির অপকর্মের দায় চাপিয়ে দেয়া হচ্ছে শিল্প প্রতিষ্ঠানের উপর। অর্থাৎ বড় বড় শিল্প প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে। মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে হাজার হাজার শ্রমিকের কর্মস্থল। তারা বেকার হয়ে পড়ছে। প্রশ্ন হচ্ছে, শিল্প প্রতিষ্ঠান পোড়ালে দোষী ব্যক্তিদের ঠিক কতটুকু বিচার করা হয়? তিল পরিমাণও না। বরং তারা আরও সুবিধা পেয়ে যায়। ব্যাংক থেকে নেওয়া লোন নিয়ে গড়িমসি করতে পারে এটা বলে আমার শিল্প প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়া হয়েছে, আমি ঋণ কীভাবে পরিশোধ করবো? অথচ একটা শিল্প প্রতিষ্ঠান পোড়ালে ঠিকই লাথি পড়ে খেটে খাওয়া গরিব মানুষগুলোর। আর দেশে বাড়ে বেকারের সংখ্যা।
তাই অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় হোক শিল্প প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রাখা। এদিকে রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না জ্যামের কারণে। অতএব পরিকল্পিত উদ্যোগ দরকার। আরও যে কত করণীয়! বলতে গেলে শেষ হবে না। দাবি জানাতে গেলে অনর্গল জানানো যাবে। তবে এতটা চাপ দেওয়াও ঠিক হবে না অন্তর্বর্তীকালীন সরকারকে।
মনে রাখতে হবে, এই সরকার আমাদেরই সরকার। তাই চাপ নয়, চলুন সহযোগিতার হাত বাড়িয়ে দিই। নিশ্চিত থাকুন, ভালো কিছু হবে।
লেখক: কথাসাহিত্যিক ও টিভি উপস্থাপক।
মানবকণ্ঠ/এফআই

