পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন দেশ নামে পরিচিত। নির্দিষ্ট ভূখণ্ড, নাগরিক বা জনসংখ্যা, সরকার ও সার্বভৌমত্ব এই চারটি বৈশিষ্ট্য নিয়ে গঠিত হয় একটি স্বাধীন রাষ্ট্র। একটি স্বাধীন দেশের যে কয়টি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার প্রত্যেকটি রয়েছে বাংলাদেশের। তবে এই স্বাধীন দেশকে সুন্দর ও শান্তিপূর্ণ দেশে রূপান্তর করতে গেলে প্রয়োজন ব্যক্তি স্বাধীনতা, বাক-স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, মানসম্মত শিক্ষাব্যবস্থা, অর্থনৈতিক স্বাধীনতা, জনগণের নিরাপত্তা ইত্যাদি নানা আনুষঙ্গিক বিষয়। যা এই দেশে নেই বললেই চলে।
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় অর্জনের পর বিভিন্ন সময়ে বিভিন্ন শোষকের হাতে শাসিত হয়েছে এই স্বাধীন দেশের সাধারণ জনগণ। বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তাদের দমনও করেছে এ দেশের মানুষ। সর্বোপরি দীর্ঘ ১৫ বছর ধরে চলে আসা স্বৈরাচারী সরকারের দমন-পীড়নের ইতি টেনেছেন এদেশের সাধারণ শিক্ষার্থী ও জনগণ। আন্দোলনের পর সকলের দাবি ছিল একটাই দেশটির সংস্কার চাই।
গত ৫ আগস্ট ছিল এ দেশের মানুষের কাছে দ্বিতীয় স্বাধীনতা।
বাচ্চা থেকে বৃদ্ধ সকলের মুখে ছিল প্রশান্তির হাসি। সকলের মনে ছিল একটিই আশা, দেশটিকে সুন্দরভাবে গড়ে তোলার। যেখানে থাকবে না কোনো বৈষম্য, অরাজকতা, থাকবে না কোনো দলীয় শাসন ও শোষণ। শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার। তবে সময়ের ব্যবধানে সবার স্বপ্ন যেন ভেসে যাচ্ছে উল্টো স্রোতে।
স্বৈরাচারী সরকার পতনের পর কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বাস্তব চিত্র এখন একদম ভিন্ন। দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর সকলের নানা দাবির মধ্যে প্রধান ছিল শিক্ষাব্যবস্থা দ্রুত সংস্কার করা। তবে কোনোভাবেই দেখা মিলছে না শিক্ষাব্যবস্থা সংস্কারের। একটি দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে প্রয়োজন শিক্ষিত জাতির। আর শিক্ষিত জাতি গঠনের জন্য প্রয়োজন মানসম্মত শিক্ষাব্যবস্থার। যা আমাদের দেশে রয়েছে ভঙ্গুর অবস্থায়। সরকার পতনের পর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত ছিল শিক্ষাব্যবস্থার দিকে। এ বিষয়ে নানা প্রতিবেদন প্রকাশিত হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। তবে কোনোভাবেই যেন নজরে আসছে না দায়িত্বশীলদের। যার ফলে প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে শিক্ষাব্যবস্থা। একটি মজবুত ও টেকসই দালান টিকে রাখার জন্য যেমন প্রয়োজন মজবুত পিলারের তেমনি একটি শিক্ষিত ও সুন্দর জাতি গঠনের জন্য প্রয়োজন উন্নত ও মানসম্মত শিক্ষাব্যবস্থার। তাই অতিসত্বর শিক্ষাব্যবস্থা সংস্কারের দিকে নজর দেয়া উচিত।
দেশ সংস্কারের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করা। তবে বর্তমানে নিয়ন্ত্রণ হারিয়ে লাগামহীন হয়ে পড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। ৫ আগস্টের পর মানুষের ধারণা ছিল দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করবে কিন্তু এ যেন উল্টো বাড়তে শুরু করেছে। এমন চড়া দামের বাজারে অনেকেই কিনতে পারছে না তাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন মধ্য ও নি¤œ আয়ের মানুষ। দিন এনে দিন খাওয়া মানুষগুলো জীবন বাঁচানোর তাগিদে নামমাত্র খাবার খেয়ে পার করে দিচ্ছেন দিনের পর দিন। যার ফলে পুষ্টিহীনতা ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছে অনেকেই। নিরাপত্তা মানুষের মৌলিক অধিকার। তবে এ অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ। সরকার পতনের পর অপ্রত্যাশিতভাবে বেড়ে যাচ্ছে খুন, গুম, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ইত্যাদি নানা অনাকাক্সিক্ষত ঘটনা। যার ফলে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ জনগণ। এ অবস্থা থেকে মুক্তির পথ একটাই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থাপনা। তবে এক্ষেত্রেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আইন-শৃঙ্খলা বাহিনীর।
চলছে দেশ সংস্কারের কাজ, এমন কথা বলতে শুনি অনেকের মুখেই। তবে সংস্কারটা যেন কিছুতেই চোখে পড়ছে না। শিক্ষার দুর্দশা, লাগামহীন বাজার ব্যবস্থা, নিরাপত্তাহীনতা, প্রশাসনের অব্যবস্থাপনা সবকিছুই যেন ফিরতে শুরু করেছে আগের পরিস্থিতিতে। স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পরও এমন অবস্থা সৃষ্টি করছে কারা? এমন প্রশ্নের জবাবে অধিকাংশের মতামতে যা উঠে আসে তা হলোÑ পরিস্থিতি ফিরতে শুরু করেছে আগের অবস্থায় তবে নিয়ন্ত্রণ করছে অন্য ব্যক্তিরা। অন্যভাবে বলতে গেলে, পরিস্থিতি রয়েছে আগের মতোই হয়েছে শুধু হাত বদল। সকলের স্বপ্ন ছিল একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার। এ স্বপ্নের আশাই বন্দুকের গুলিও দমাতে পারেনি এদেশের সাধারণ শিক্ষার্থী ও জনগণকে। যতদিন যাচ্ছে এই স্বপ্ন যেন পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। তবে কি বৃথা যাবে আবু সাঈদ, শান্ত, মুগ্ধ, ইয়ামিনের মতো শত শত নিরীহ প্রাণ? এমন সংস্কারের স্বপ্নই কি তারা দেখেছিল?
একটি দেশের সংস্কার করা খুব সহজ কাজ নয়। শুধু সরকার বা দায়িত্বরতদের দ্বারা সম্ভব নয় সংস্কার কাজ সম্পূর্ণ করা। এ দেশ আমাদের এদেশ আমাদের সকলের। তাই আমাদের উচিত নিজ নিজ জায়গা থেকে যথাসম্ভব সরকারকে সাহায্য করা। যেখানে শত শত নিরীহ প্রাণ ও নানা ত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন সম্ভব হয়েছে সেখানে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালনের মধ্য দিয়ে কিছু মাথাচাড়া দিয়ে ওঠা অপশক্তির দমনও সম্ভব। বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় তারা চায় শান্তি। এদেশের বুকে শান্তিতে বসবাস করার জন্যই কালে কালে তাদের এতো ত্যাগ স্বীকার। তাই এদেশের মানুষ আর হাত বদল নয় চায় সংস্কার।
লেখক: শিক্ষার্থী

