পাবনা-সিরাজগঞ্জের একটি বিশেষ বিলাঞ্চলই হচ্ছে পাথার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর’র স্মৃতিধন্য এই এলাকার বিশেষত্ব রয়েছে নানাদিক থেকে। ১৩৩০ বঙ্গাব্দে প্রকাশিত রাধারমণ সাহা রচিত ‘পাবনা জেলার ইতিহাস’ গ্রন্থে লেখক পাবনার উল্লেখযোগ্য বিলসমূহের বর্ণনা দিতে গিয়ে অত্র অঞ্চলের প্রাচীনতম জনপদ কালিয়াকৈর বিলের কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘শাহজাদপুর, উল্লাপাড়া, ফরিদপুর প্রভৃতি ২/৩টি থানাব্যাপী ইহা একটি প্রধান বিল। ইহার দৈর্ঘ্য উত্তর-দক্ষিণে প্রায় ১৫/১৬ মাইল, পূর্ব-পশ্চিমে প্রস্থ প্রায় ১০/১২ মাইল। বর্ষায় সর্বত্র জলমগ্ন হইলেও গ্রীষ্মে প্রায় একবারে শুকাইয়া যায়। ইহা সাধারণত পাথার বলিয়া পরিচিত।’ (পৃ. ৬০)
বহু আগে থেকেই পাথারের ভূমিগুলোতে কালাই, খেসারি, মটর ছিটিয়ে বোনা হতো। যা গবাদি পশু পালনের জন্য বিশেষ উপযোগী ছিল। তাই এই অঞ্চলের জোতদার ও জমিদারগণের কাছ থেকে ভূমিগুলো বার্ষিক বন্দোবস্ত নিতেন বিভিন্ন এলাকার গৃহস্থগণ। তারা তাদের পালিত গরু, মহিষ, ভেড়া, ছাগল নিয়ে অগ্রহায়ণ থেকে আষাঢ় মাস পর্যন্ত পাথারের স্থানে স্থানে ‘বাথান’ বা অস্থায়ী আশ্রয়স্থল তৈরি করে গবাদিপশু পালন করতেন। এখানকার বিস্তর জমি আর উর্বর মাটি আকৃষ্ট করে বিভিন্ন স্থান থেকে আসা গৃহস্থদের। একসময় এই গৃহস্থগণই এ অঞ্চলের সুবিধা মতো স্থানে স্থানে স্থায়ী বসতি গড়ে তোলেন। এভাবে দুর্গম পাথারের মাঝে গড়ে উঠেছে বেশকিছু গ্রাম।
ইতিহাস রচয়িতা রাধারমণ সাহা প্রায় শতাধিক বছর আগে ‘পাবনা জেলার ইতিহাস’ গ্রন্থটি রচনাকালে অত্র পাথার অঞ্চল দেখতে এসেছিলেন। তখন তিনি এ অঞ্চলের কয়েকটি গ্রামকে নির্দেশ করে পাথার অঞ্চল চিহ্নিত করেছিলেন। যেমন: উত্তরাংশে কালিয়াকৈর পাথার, দক্ষিণ-পশ্চিমাংশে ডেমড়া পাথার এবং পূর্ব-দক্ষিণাংশে রাউতারা পাথার বলে তিনি উল্লেখ করেছেন।
মূলত: পাথারের উত্তরাংশে কালিয়াকৈরসহ জন্তিহার, কাজিটোল, চাচকিয়া, সুজা, এলংজানী, বলতৈল, সড়াতৈল, শ্রীগোবিন্দপুর প্রভৃতি গ্রাম অবস্থিত। এছাড়া ডেমড়াসহ রতনপুর, দিঘুলিয়া, বিলচান্দক, কেনাই, বায়ড়াপাড়া, দত্তপুংগলী, মাছুয়াঘাটা গ্রামগুলো পাথারের দক্ষিণ-পশ্চিমাংশে এবং রাউতারাসহ পোতাজিয়া, রেশমবাড়ি, ভাইমারা, চুলধরী, বৃ-আঙ্গারু, চর-আঙ্গারু ইত্যাদি গ্রাম পাথারের পূর্ব-দক্ষিণাংশে অবস্থিত।
পাথার একদিকে যেমন শস্য প্রধান এলাকা, অন্যদিকে তেমনি দেশের অন্যতম দুগ্ধ প্রধান এরিয়া। পাথারের গরু-মহিষ থেকে উৎপাদিত দুধের উপর নির্ভর করেই বাঘাবাড়িতে গড়ে উঠেছে ‘মিল্কভিটা’। এছাড়া বছরের বেশ কিছু সময় এখানকার ভূমিগুলো জলমগ্ন থাকায় মৎস্য ভাণ্ডার হিসেবেও পাথার উল্লেখযোগ্য। অবিভক্ত বাংলায় পাথারের দুধ ও মাছের বড়ো চালান কলকাতায় যেত। কলকাতার অভিজাত মহলে এখানকার দুগ্ধজাত দ্রব্য এবং মাছ খুবই জনপ্রিয় ছিল। কথিত আছে, উল্লাপাড়া রেল স্টেশন থেকে অল্প কিছু দূরে লাহিড়ী মোহনপুরেও রেল স্টেশন স্থাপন করা হয় শুধুমাত্র পাথারের দুধ ও মাছ কলকাতায় পৌছানোর সুবিধার্থে। মাছে-ভাতে বাঙালি পাথারের মানুষ। এদের অভাব আছে, কিন্তু অনাহারে দিন কাটাতে হয় না।
রাধারমণ সাহার বর্ণনায়, ‘ইহারা ক্ষেতের ধান, বিলের মাছ ও জল, গাভীর দুধ, মাঠের কলাই মসুর খেসারি ও সরিষাদি প্রচুর পরিমাণে উপভোগ করিয়া পরমানন্দে মুক্ত হাওয়ায় নিশ্চিন্ত মনে আড়ম্বরশূন্য দীর্ঘ কর্মজীবন যাপন করে।’ (পাবনা জেলার ইতিহাস, পৃ. ৫৯)। তবে মাঝে মাঝে অতি বন্যায় মাঠের আমন ধান নষ্ট হয়ে গেলে কিছুটা বিপাকে পড়ত পাথারবাসী। তখন ‘চিনা’ নামক এক প্রকার খাদ্যশস্য অনাহার থেকে রক্ষা করত তাদের। বর্তমানে ইরি/ বোরো ধানের ব্যাপক চাষাবাদে আরও সমৃদ্ধ হয়ে উঠেছে এখানকার কৃষকগণ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনা করার জন্য শাহজাদপুর আসতেন। শাহজাদপুরে অবস্থিত কবিগুরুর কাছারি বাড়ি থেকে পশ্চিমে এবং পাথারের পূর্ব অংশে অনেকখানি এলাকাজুড়ে রয়েছে তাঁদের জমিদারির বিস্তীর্ণ ভূমি।
বর্তমানে সেখানে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’ গড়ে তোলার সরকারি সিদ্ধান্ত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষা মৌসুমে পাথারের বুকে দিয়ে তার বজরা ভাসিয়ে পতিসর জমিদারি দেখতে যেতেন। বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক নাছিমউদ্দিন মালিথা তাঁর রবীন্দ্রলোক গ্রন্থের ‘শাহজাদপুরের বাথানভূমি ও রবীন্দ্রনাথ’ প্রবন্ধে লিখেছেন, ‘বাথানভূমি সৃষ্টির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথের নাম। এখানকার ঘোষদের দুধ, ঘি, দধি রবীন্দ্রনাথ খুব পছন্দ করতেন।’ তিনি এখান থেকে ঘি সংগ্রহ করে পাঠাতেন জোড়াসাঁকোর বাড়িতে।
জুন ১৮৯১-তে কবির স্ত্রী মৃণালিনী দেবীর কাছে লেখা একটি চিঠিতে এর প্রমাণ পাওয়া যায়। পাথারের দুধ, ঘি, দই খেতে কবিগুরু যেমন পছন্দ করতেন, তেমনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে তিনি মুগ্ধ হয়েছিলেন। মাঠে মাঠে ছিটিয়ে বোনা কলাই ঘাস, গরু নিয়ে রাখালদের বাথান করা দেখে তিনি লিখেছেন এই ছড়াটি-
‘গরু-চরার প্রকাণ্ড ক্ষেত, নদীর ওপার চরে
কলাই শুধু ছিটিয়ে দিত পলি-জমির পরে।
জেগে উঠত চারা তারি, গজিয়ে উঠত ঘাস,
ধেনুদলের ভোজ চলত মাসের পরে মাস।
মাঠটা জুড়ে বাঁধা হত বিশ-পঞ্চাশ চালা,
জমত রাখাল ছেলেগুলোর মহোৎসবের পালা।’
(সুধিয়া-ছড়ার ছবি)
পাথার অঞ্চলের ইতিহাস, উন্নতি-অগ্রগতির সাথে অনিবার্যভাবে যুক্ত হয়ে আছে বেশকিছু শিক্ষানুরাগী, সমাজহিতৈষী ব্যক্তিবর্গ। তাঁদের ঐকান্তিক চেষ্টায় এখানকার শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধশালী হয়ে উঠেছে। এ অঞ্চলের কৃষি এবং কৃষকদের জীবনমানের উন্নয়নের জন্য গোহালা নদীর পাড়ে প্রথম দুগ্ধমিলের প্রতিষ্ঠা করেছিলেন কোলকাতার খাঁদি বাবু। তিনি শুধু দুগ্ধমিলের প্রতিষ্ঠাই করেননি, এ অঞ্চলের তাঁতশিল্পের উন্নয়নের লক্ষ্যেও উদ্যোগ নিয়েছিলেন।
১৯৪৭-এর পরে তিনি কলকাতায় চলে যান। পরে খাঁদির ভিটে থেকে মিলটি সরিয়ে লাহিড়ী মোহনপুরে নতুন করে প্রতিষ্ঠিত করা হয়। জার্মান থেকে আধুনিক যন্ত্রপাতি এনে মিলটিকে আরো সমৃদ্ধ করা হয়। শুধু তাই নয়, এ সময় পাথারের কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় সমবায় সমিতি। পাথার অঞ্চলের গবাদি পশুর উন্নতির ব্যবস্থা করা হয় ডেনমার্ক, নেদারল্যান্ডস থেকে উন্নত জাতের বিদেশি গরু আমদানি করে। একসময় পাথারে কেবল কালাই এবং খেসারি ঘাস হতো। এসব ঘাস খেয়ে গাভিগুলো বেশি দুধ দিতে পারতো না। এ কারণে জার্মান থেকে প্রথম ন্যাপিয়ার ঘাস এনে উন্নত ঘাস চাষের ব্যবস্থা করা হয়। পাথার অঞ্চলের কৃষকদের সংগঠিত করে দুগ্ধ সমবায় সমিতির ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। এসব ক্ষেত্রে পাবনার জনৈক সমাজহিতৈষী ব্যক্তি আবদুর রহমানের নাম বিশেষভাবে স্মরণযোগ্য।
পাথার বরাবরই একটি অসাম্প্রদায়িক শান্তিপ্রিয় অঞ্চল। যুগ যুগ ধরে এখানে হিন্দু-মুসলমান একসাথে বসবাস করে আসছে। দ্বিজাতিতত্ত্ব হিন্দু-মুসলমান সম্প্রদায়ের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছিল, তার ঢেউ ছড়িয়ে পড়েছিল উপমহাদেশ জুড়ে। দেশ ভাগের মধ্য দিয়েও তার সমাধান হয়নি। সেই সংকটকালেও পাথারের মানুষদের মধ্যে কোনো দাঙ্গা সংগঠিত হয়নি। ১৯৪৭ পূর্ববর্তী এখানকার মানুষের যাপিত জীবন, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক কর্মকাণ্ড, ধর্মীয় সহনশীলতা, উদার মানবিক দৃষ্টিভঙ্গি নানাদিক উন্মোচন করে রচিত হয়েছে এক মহাকাব্যিক উপন্যাস ‘পাথার’।
চার শতাধিক পৃষ্ঠার এই অসাধারণ কাজটি করেছেন পাথারের সন্তান কথাসাহিত্যিক আবদুল মান্নান সরকার। সর্বস্তরের পাঠক মহল এই সংবাদ না-জানলেও দেশের বোদ্ধা সমাজের বিপুল প্রশংসা পেয়েছে উপন্যাস ‘পাথার’। বলা হচ্ছে এটি শুধু একটি অঞ্চলকে তুলে ধরে নাই, এই গ্রন্থে বর্ণিত একটি অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ জনজীবন পুরো দেশের প্রতিচ্ছবি হিসেবে অঙ্কিত হয়েছে। পাথারের বিলচান্দক থেকে প্রকাশিত সাহিত্যের কাগজ ‘পাথার’ এবং মানবিক চিন্তার কাগজ ‘নৃলোক’ ছড়িয়ে দিচ্ছে মননশীলতা, সৃজনশীলতার বার্তা। পাথার সবসময়ই সেজে থাকে প্রকৃতির অপরূপ কন্যা হয়ে।
রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘এখানে ছ’মাস জলের কষ্ট, ছ’মাস জলে কষ্ট’। বর্ষায় সারামাঠ জুড়ে থইথই জল। ছলাৎ ছলাৎ ঢেউয়ের শব্দ, অথৈ পাথারে শাপলার মুখ, জেলেদের মাছ ধরার দৃশ্য, আকাশে মেঘের ঘনঘটা, হঠাৎ হঠাৎ বৃষ্টি মন মাতিয়ে রাখে সবসময়। ঠিক তেমনি বর্ষা শেষে জল নেমে যাওয়া, বীজ বপনে কৃষকের ব্যস্ততা, কালাই, খেসারি, মটরশুঁটির বেড়ে ওঠা লকলকে ডগা, হলুদ চাদর বিছিয়ে রাখা সরিষার ফুল, বাথানে বাথানে গরু-বাছুরের হাম্বা ডাক সত্যি অসাধারণ। তবে নানাদিক থেকে সমৃদ্ধ এই জনপদ এখনও রয়েছে অনালোকিত। বর্তমানে উন্নত যোগাযোগ ব্যবস্থার কল্যাণে দূর-দূরান্ত থেকে দর্শনার্থী আসেন পাথারে। পাথার একটি অঞ্চল। এর প্রতি ইঞ্চি ভূমি পলিমাটির কাদা জলে উর্বর। সেই উর্বর ভূমিতে সোনা ফলে। ভরে ওঠে কৃষকের গোলা। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশেষ ভূমিকা রয়েছে এই অঞ্চলের। তবে এখানকার কৃষকদের সুবিধার্থে স্থানীয় পর্যায়ে গড়ে তোলা দরকার একটি ব্যাংকের শাখা। যেখান থেকে সহজেই ঋণ পাবে কৃষক। পশু হাসপাতালও আশু প্রয়োজন। দুধের দামের চেয়ে গো-খাদ্যের দাম অনেক চড়া। ফলে হিমশিম খাচ্ছে খামারিরা। এদিকে কর্তৃপক্ষের দৃষ্টি প্রয়োজন। নানাদিক থেকে সরকারি সহযোগিতা পেলে এই অঞ্চলের অর্থনীতি আরও এগিয়ে যাবে। যা আমাদের জাতীয় অর্থনৈতিক ব্যবস্থাতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
লেখক : শিশুসাহিত্যিক, কবি ও কলামিস্ট
