পত্রিকায় খবর দেখলাম নামে-বেনামে, নানা ফন্দি-ফিকির, কৌশলে এস আলম গ্রুপের জনাব সাইফুল আলম মাসুদ সাহেব ইসলামী ব্যাংক থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা বের করে নিয়ে গেছেন, যা ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণের পঞ্চাশ শতাংশ। এখন এস আলম গ্রুপ ঋণ পরিশোধের বিষয়ে সাড়া দিচ্ছেন না এবং এসব ঋণ ক্রমান্বয়ে খেলাপি হয়ে পড়ছে। কেন সাড়া দিবেন! বিবেকের তাড়না ছাড়া আর কোনো দায় তো নেই বললেই চলে।
এ প্রসঙ্গে ব্যক্তিগত একটি পুরনো ঘটনা মনে পড়ছে। ১৯৯১-৯২ সাল হবে। তখন আন্তঃনগর ট্রেনগুলো নতুনভাবে চালু হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম যাব। কমলাপুর স্টেশনে ছাত্রজীবনের আরও দুই বন্ধুর দেখা পেলাম, ওরাও চট্টগ্রাম যাবে। ট্রেনে উঠে একজন যাত্রীকে অনুরোধ করে আসন বদলে আমরা তিনজন এক সঙ্গে বসলাম। ট্রেন ছেড়েছে, আমরা নানা গল্পগুজবে মশগুল। ট্রেন বেশ কিছু দূর আসার পর এক মুচি এলো, জুতা পলিশ করে। আমাদের একজন জুতা পলিশ করার জন্য দিলেন, অপরজনও পলিশ করালেন এবং কাজ শেষ করার পর পাঁচশ টাকার একটি নোট মুচির হাতে দিলেন বিল চুকানোর জন্য। মুচি জানাল যে তার কাছে পাঁচশ টাকার ভাংতি নেই, তার পরিচিত অন্যদের কাছ থেকে এনে দিতে হবে। আমার বন্ধুটি তার বাক্সটি রেখে নিয়ে আসার জন্য বলল। মুচি বেটা যথারীতি বাক্সটি রেখে ভাংতি আনার জন্য চলে গেল। অনেক সময় গড়িয়েছে, আমাদের আর সেদিকে খেয়াল নেই। ট্রেন চট্টগ্রামের কাছাকাছি আসার পর আমাদের খেয়াল হলো যে, মুচি এখনও ভাংতি টাকা নিয়ে আসে নাই। আমরা উঠে আশপাশের দু’চার বগি খুঁজে কোথাও তার দেখা পেলাম না। সে হয়তো অনেক আগেই অন্য কোনো স্টেশনে নেমে গেছে। তার বাক্সটি আমাদের সিটের নিচে পড়ে আছে। দুই-তিনটি কালির কৌটা, দুটি ব্রাশ আর ছোট বাক্সটি। সব মিলিয়ে এরকম একটি পসরা সাজাতে শ’দেড়েক টাকা তার লাগতে পারে। তদুপরি এটা আমাদের কাছে একেবারেই অপ্রয়োজনীয়। আমরা এ নিয়ে ঠাট্টা করার পর আমার বন্ধুটি একটি লাথি মেরে বাক্সটি ট্রেন থেকে ফেলে নেমে এসেছিল। মুচির তো ভালোই লাভ হয়েছে। আমরা যদি পাঁচশ টাকার অধিক মূল্যের কিছু জামানত রাখতে পারতাম, তাহলে নিশ্চয়ই সে এমনটি করত না। লাভ সবাই বুঝে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. দেশের প্রথম শ্রেণির এবং বেসরকারি খাতের সর্ববৃহৎ ও সফল ব্যাংক ছিল। সুশাসনের দিক থেকেও এর অবস্থান ছিল উপরের দিকে। ১৯৮৩ সালে দেশি-বিদেশি যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা লাভের পর থেকেই এটা জামায়াতপন্থি রাজনৈতিক দলের অনুসারীদের ব্যাংক বলে সর্ব সাধারণ্যে বেশি পরিচিতি লাভ করে। স্বাধীনতাযুদ্ধের সময়কার ভূমিকার জন্য বাংলাদেশে জামায়াত যেমন কোণঠাসা ছিল, তেমনি এই ব্যাংকটিকেও এক ধরনের চাপের মধ্য থেকে কার্যক্রম পরিচালনা করে আসতে হয়েছে। আমার ধারণা এটা ব্যাংকটির জন্য শাপেবর হয়েছিল। কোনো ধরনের আইনি বা আগ্রাসী কার্যক্রমের ব্যবসায়িক বিতর্কের মধ্যে যাতে জড়াতে না হয়, সেজন্য তারা ব্যাংকিং আইন-কানুন বা বাংলদেশ ব্যাংকের নীতিমালা মেনে চলার ব্যাপারে এবং আইনের মধ্যে থেকে ঋণদানসহ সকল কার্যক্রম পরিচালনার ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করে। তাই ব্যাংকটির অভ্যন্তরে সুশাসনের মান ভালো ছিল, খেলাপি ঋণের হার অন্যান্য ব্যাংকের তুলনায় খুবই কম ছিল এবং ব্যবসায় উত্তরোত্তর ভালোও করেছে।
২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজনৈতিক কারণে জামায়াতকে চাপে রাখার কৌশল অবলম্বন করে। সরকারের লোকজন এবং সরকার সংশ্লিষ্ট কিছু বুদ্ধিজীবী জামায়াতের অর্থের উৎস হিসাবে অন্যান্য জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ ইসলামী ব্যাংকের দিকেই তীর ছোড়া শুরু করেন। এই অভিযোগ রাজনৈতিক স্তরে আলোচনার ক্ষেত্র সৃষ্টি করলেও ব্যাংকসমূহের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক-এর তরফ থেকে অফিসিয়ালি এই গুরুতর বিয়য়ে কোনো অভিযোগ করতে প্রকাশ্যে শোনা যায়নি। সরকার এ লাইনে কোনো সুবিধা করতে না পেরে ভিন্ন কৌশল অবলম্বন শুরু করে। তারা ব্যাংকের মালিকানাই বদলের চিন্তা করে এবং এভাবেই এগিয়ে যায়। কি প্রক্রিয়ায় সরকারি গোয়েন্দা সংস্থার লোকজন দিয়ে ইসলামী ব্যাংকের পরিচালকদের তুলে এনে এদের শেয়ার হস্তান্তর, পরিচালক পর্ষদ বদল ও ব্যবস্থাপনায় পরিবর্তন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন করা হয় দেশবাসীর এখনও পুরোপুরি ভুলে যাওয়ার কথা নয়।
সরকারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার জনাব সাইফুল আলম মাসুদ এর নিয়ন্ত্রণে আসেন। দায়িত্বে এসেই অল্প কিছু দিনের মধ্যে এই বিশিষ্ট শিল্পপতি ঋণের নামে প্রকৃত অর্থে ব্যাংকে যা করেন তাকে ব্যাংকের অর্থ লুট বললে খুব বেশি বলা হয় না। দুঃখিত লুট শব্দটা ব্যবহারের জন্য, তবে আর কোনো যুৎসই শব্দও খুঁজে পাচ্ছি না। পত্র-পত্রিকায় যা বেরোচ্ছে, ব্যাংকের কোনো স্বীকৃত নীতিতেই এটাকে ঋণ বলা যাবে না। ঋণের একটা সংজ্ঞা আছে, ব্যাংকের ঋণদানের স্বীকৃত নীতিমালা আছে- এক্ষেত্রে কিছুই মানা হয়নি।
নামে-বেনামে, প্রতিষ্ঠানের নামে, আত্মীয়স্বজন, বাসাবাড়ির কাজের লোকজন, চাকর বাকর-এর নামেও ঋণ নিয়েছেন। এ সকল কাজে সহযোগিতার লক্ষে এবং নিজস্ব একটি অনুগত গোষ্ঠী তৈরির উদ্দেশ্যে নিজ এলাকার লোকজনকে প্রয়োজনে-অপ্রয়োজনে এবং অনেক ক্ষেত্রে যোগ্যতা যাচাই-বাছাই ছাড়া ব্যাংকের চাকরিতে ঢুকিয়েছেন। আর ঋণের বিপরীতে জামানত রাখার নিয়ম থাকলেও ব্যাংকের নীতি অনুযায়ী কোনো জামানতই প্রকৃতপক্ষে রাখেননি। একই সম্পত্তি বন্ধক দিয়ে একাধিক ঋণ গ্রহণ, সম্পত্তির অতি মূল্যায়নসহ এমন কোনো কারসাজি নাই যা এক্ষেত্রে করা হয়নি। আর এ সমস্ত ঋণ ঘোষিত উদ্দেশ্যে ব্যবহার না করে দেদারসে বিদেশে অর্থ পাচার করেছেন, সিঙ্গাপুরসহ বিদেশে শিল্প গড়ে তুলেছেন দেশ থেকে পাচার করা টাকায়। দেশে এসবের নিয়ন্ত্রণকারী কত সংস্থা, কর্তৃপক্ষ আছেন, অথচ কখনও কেউ উচ্চবাচ্য করেছেন বলে জানা যায় না। কী করে করবেন, কারো ঘাড়ে তো আর দুটো মাথা নেই যে একটি কাটা গেলে অন্যটি দিয়ে কাজ চালিয়ে নিবেন। অধিকন্তু বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সাহেব টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সরবরাহ করেছেন প্রভাবশালী মানুষজনকে ঋণের নামে টাকা দেয়া এবং সংকট ঢেকে রাখার জন্য। অর্থনীতির ছাত্ররা এই নীতির কার্যকারিতা সম্পর্কে ভালো বলতে পারবেন।
রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ পর্যায়ের আশীর্বাদ পুষ্ট এস আলম সাহেব, উপরের মহলে তার অবাধ চলাচল। ঋণের নামে গৃহীত টাকার একটি অংশ যে ক্ষমতাসীনদের রাজনৈতিক ও ব্যক্তিগত কাজেও ব্যবহার হয়েছে- এটা এখন নানা মহলে নানাভাবে আলোচিত হচ্ছে। কোনো একটি আবেদন বা মামলার প্রেক্ষিতে এস আলমের একটি ঋণের বিষয়ে তদন্ত করে দেখার একটি উদ্যোগ সাম্প্রতিক সময়ে নেয়া হয়েছিল, কিন্তু তৎকালীন সময়ের সুপ্রিম কোর্টের আদেশে সেই তদন্ত প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। তদন্ত করে দেখতে কী অসুবিধা ছিল বোধগম্য না হলেও এদের ক্ষমতার দাপট বা হস্ত প্রসারণ কতটুকু বিস্তৃত এতে আন্দাজ করা যায়।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালে এবং এস আলমের ব্যবসার অবস্থা যখন রমরমা তখন এস আলম সম্পর্কে বিভিন্ন আলোচনায়, চায়ের আড্ডায় অনেক চমকপ্রদ গল্প শুনতাম। এটা অনেকটা খলিফা হারুনুর রশিদ, রাণী জোবায়দা বা আরবের ধনাঢ্য শেখদের মত, সত্য মিথ্যা যাচাই সম্ভব হয়নি। তিনি দিনে গড়ে কী পরিমাণ সময় বিমানে চড়ে কাটাতেন, কত গাড়ির মালিক, কত টাকা দামের স্যুট কতদিন পরেন, সেটা কোথায় সেলাই হয়, আবার ধোয়ার পর কাদের কে গিফট করেন, প্রতি বছর কত মানুষকে হজ করার জন্য সৌদি আরব পাঠান, কোথায় কোথায় পূর্ব নির্ধারিত এপয়েন্টমেন্ট ছাড়া সরাসরি যেতে পারেন আরো কত কী! রূপকথার মত, শুনতে ভালোই লাগত। ইসলামী ব্যাংকে একদিনে ডাকাতি হলে ব্যাংকটি এতো ক্ষতির সম্মুখীন হতো না। ডাকত দল ব্যাংকের শাখাসমূহ থেকে একদিনে এত টাকা নিয়ে যেতে পারত! বেশি হলে ছয় শতাধিক শাখা থেকে নগদ চার-পাঁচ হাজার কোটি টাকা, এর বেশি নয়। কিন্তু অভিনব কৌশলে এর পনেরো-বিশ গুণ টাকা ব্যাংক থেকে বের করে নিয়েছেন। আইন-কানুন থানা পুলিশের কোনো ঝামেলা নেই। প্রথমে ব্যাংকের মালিক হয়ে যাওয়া, তারপর একটা সিস্টেমে টাকা বের করে নেয়া। আমানতকারীদের টাকার হরিলুট। শুধু ইসলামী ব্যাংকেই নয়, আরো অনেকগুলো ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এবং কমবেশি সব ব্যাংকেরই একই অবস্থা করে ছেড়েছেন। এখন আমানতকারীরা ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না, টাকা ফেরত পাচ্ছেন না। এসব কর্মকাণ্ডকে যদি ঋণ বলা হয়, তাহলে ঋণের সংজ্ঞা নতুন করে লিখতে হবে। এটাকে ডাকাত দলের কাজের সাথেই কেবল তুলনা করা যায়, এরা কোনো মারণাস্ত্র ছাড়া ভদ্রবেশে এসে দিনের পর দিন একই কাজই কার্যত করে গেছে। শুধু ইসলামী ব্যাংক বা এস আলম গ্রুপই নয়, আরও কিছু শিল্পগ্রুপ বা ক্ষমতাশালী ব্যক্তিবর্গ আছেন যারা সরকারি-বেসরকারি আরও অনেক ব্যাংককে একই প্রক্রিয়ায় পঙ্গু করে দিয়েছে। সরকারি খাতের জনতা ব্যাংক আর বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংকের নাম উদাহরণ হিসাবে উল্লেখ করলাম। কিছু কলকারখানা চালু থাকার সুবাদে নিত্য ব্যবহার্য ভোগ্য পণ্যের সরবরাহের বিষয়ে এদের উপর এক ধরনের নির্ভরশীলতা আছে। হঠাৎ কোনো কঠোর ব্যবস্থা নিতে গেলে নিত্য ব্যবহার্য কিছু পণ্যের সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটাসহ অনেক মানুষের চাকরি হারানোর ঝুঁকি তৈরি হয় এমনকি শ্রমিক অসন্তোষেরও।
যে কারণে সম্প্রতি একটি গ্রুপের শ্রমিকদেরকে বেতন পরিশোধের জন্য জনতা ব্যাংককে নীতি পরিবর্তন করতে হয়েছে এবং ঋণ করে ঋণ দিতে হচ্ছে। নীতি নির্ধারকদের জন্য এ এক উভয় সংকটও বটে। এ পর্যায় এসে এই সংকটটি তৈরি হয়েছে, শুরু থেকে নীতি মানা হলে, তদারকি ব্যবস্থা কার্যকরী থাকলে এ অবস্থা সৃষ্টিই হতো না। আর কোনো অবহেলা, বিলম্ব নয়, ধীরে হলেও এ থেকে বেরিয়ে আসার পথ খুঁজে নিতে হবে। এটা দীর্ঘ সময় চলতে দেয়া যায় না। এই শিল্পপতি নামধারী লোকজনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ থেকেই যায়। এরা কি শিল্প স্থাপনের জন্য সাময়িক প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নেয়, নাকি ঋণ নেয়ার জন্য কিছু শিল্প স্থাপন করে। ব্যাংকারদেরও ঋণ দেয়ার আগে এটা ভেবে দেখতে হবে।
লেখক: কলামিস্ট
মানবকণ্ঠ/আরএইচটি

