নিত্যপণ্যের ঊর্ধ্বগতির চাপে গাইবান্ধায় বদলে যাচ্ছে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের খাদ্যাভ্যাস। পাল্টে যাচ্ছে সংসারের হিসাব-নিকাশ। মাসের প্রথম সপ্তাহে বেতন পেয়ে বাজারের ফর্দ হাতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গাইবান্ধা পৌর শহরের পুরাতন বাজারে যান নিম্নমধ্যবিত্ত চাকরিজীবী তামিম আকন্দ। আগে মাসের শেষ দিকে সংসারে টান পড়ত, এখন দ্বিতীয় সপ্তাহেই শুরু হয় টানাপোড়েন। বাজারের ফর্দ থেকে প্রথমেই বাদ পড়ে মুরগি, ডিম ও ডাল। বাজার থেকে ফেরার পর খাবারের থালায় যে পরিবর্তন আসে, তার নাম মূল্যস্ফীতি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২২ শতাংশ থেকে কমে হয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ। কাগজে-কলমে এটি কিছুটা স্বস্তির খবর। তবে একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩০ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ খাবারের দামে কিছুটা স্বস্তি এলেও বাসাভাড়া, চিকিৎসা, পড়াশোনা ও যাতায়াতের খরচ বেড়েছে।
আয়ের চিত্র আরও কঠিন। অক্টোবরে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৬৩ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার ০ দশমিক ৬৪ শতাংশীয় পয়েন্ট কম। আগের মাসে এ ব্যবধান ছিল ০ দশমিক ৪৪ শতাংশীয় পয়েন্ট। অন্যদিকে, অক্টোবরে কনজুমারস ফোরামের মাঠপর্যায়ের জরিপে দেখা গেছে, এক মাসে নিত্যপণ্যের দাম ৪ দশমিক ৩৯ থেকে ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। সরকারি সূচক ও বাজারের বাস্তব চিত্রের এই ব্যবধানই সংসারের হিসাব মেলাতে দিচ্ছে না।
গাইবান্ধার বাজারে বর্তমানে সরু চাল প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, মাঝারি চাল ৫৬ থেকে ৬৮ টাকা এবং মোটা চাল ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৬ থেকে ১৯৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ১৫০ থেকে ১৯০ টাকা। ব্রয়লার মুরগি প্রতি কেজি ২২০ থেকে ২৩০ টাকা এবং ডিমের হালি ৪৮ থেকে ৫০ টাকা।
জেলা শহরের পৌর এলাকার গৃহিণী আফরিন আক্তার বলেন, ‘আগে সপ্তাহে তিন দিন ডিম বা মাছ রাখতাম। এখন একদিনও হয় কি না সন্দেহ। ছেলে-মেয়ে জিজ্ঞেস করলে বলি, আজ ডাল দিয়েই খেয়ে নাও। ডালও আগের মতো ঘন করে রান্না করতে পারি না।’ সরু চালের পরিবর্তে এখন তাঁর সংসারে ব্যবহার হচ্ছে মোটা চাল।
ভাতের থালা ভরে উঠলেও পুষ্টিকর খাবারের পরিমাণ কমছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে শিশুদের ওপর। জেলা সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আজাদ আবুল কালাম বলেন, নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের শিশুদের খাবারে প্রোটিনের ঘাটতি দেখা দিলে তার প্রভাব কয়েক মাসে বোঝা যায় না; বরং দীর্ঘমেয়াদে এর নেতিবাচক প্রভাব পড়ে। শারীরিক বৃদ্ধি, রোগ প্রতিরোধক্ষমতা ও শেখার সামর্থ্য—সবকিছুই ক্ষতিগ্রস্ত হতে পারে।
শুধু খাবার নয়, জ্বালানি ও পরিবহন খরচও বাড়ছে। ডিজেলের দাম লিটারপ্রতি ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এক ধাপে বেড়েছে ২২৩ টাকা। গাইবান্ধায় ১৫ টন সবজি পরিবহনে ভাড়া বেড়েছে ৫০০ থেকে ১ হাজার টাকা। এসব বাড়তি খরচ শেষ পর্যন্ত খুচরা বাজারে সাধারণ ক্রেতাদের ওপরই চাপ সৃষ্টি করছে।
জেলার সাত উপজেলার রিকশাচালক ও দিনমজুরদের অবস্থা আরও সংকটাপন্ন। তাঁদের আয় দৈনিক, সঞ্চয় প্রায় নেই বললেই চলে। সদরের এক রিকশাচালক রিয়াজউদ্দিন বলেন, ‘সারা দিন রিকশা চালিয়ে যা আয় করি, তার প্রায় পুরোটাই বাজারে চলে যায়। আগে দিন শেষে কিছু টাকা হাতে থাকত, এখন উল্টো দোকানে বাকি পড়ে।’
মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সংকট অনেক সময় প্রকাশ্যে আসে না। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। এই খাতের মধ্যেই রয়েছে সন্তানের পড়াশোনার খরচ, বাসাভাড়া, চিকিৎসা, যাতায়াত ও মোবাইল-ইন্টারনেট বিল। এসব ব্যয় সহজে কমানোর সুযোগ নেই। তাঁরা ওএমএসের লাইনে দাঁড়াতে সংকোচ বোধ করেন, আবার বাজারে পুরো দাম দিয়ে পণ্য কেনার সামর্থ্যও কমছে। ফলে কাটছাঁট করতে হচ্ছে অন্য খাতে। আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়া কমছে, উৎসবের কেনাকাটা সীমিত হচ্ছে, জমানো টাকা ভেঙে সংসার চালাতে হচ্ছে, বাড়ছে বাকির খাতা।
জেলা শহরের একটি বেসরকারি স্কুলের শিক্ষক মো. রেজওয়ান বলেন, ‘বছরের পর বছর বেতন প্রায় একই রকম রয়েছে। কাউকে বলতেও পারি না, কারণ সবাই মনে করেন আমরা ভালো আছি। অথচ অনেক আগেই ফল কেনা বন্ধ করেছি, এখন মাছের পরিমাণও কমাতে হচ্ছে।’
সরকার বাজেটে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর কমিয়েছে। পাশাপাশি ওএমএস ও টিসিবির মাধ্যমে কম দামে পণ্য সরবরাহের উদ্যোগও চলছে। বিভিন্ন উপজেলায় সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ভাতা বিতরণ করা হচ্ছে। তবে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ভাষ্য, চাহিদার তুলনায় এসব উদ্যোগের বরাদ্দ কম।
সাদুল্লাপুর উপজেলার দিনমজুর জগদীস বলেন, ‘সকাল থেকে ট্রাকের লাইনে দাঁড়িয়ে থাকি। কিন্তু আমার পালা আসার আগেই পণ্য শেষ হয়ে যায়। খালি হাতে ফিরে আবার বাজারের চড়া দামেই কিনতে হয়।’
মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো প্রায় পুরোপুরি এসব সহায়তার বাইরে থেকে যাচ্ছে। নাগরিক সংগঠন জনউদ্যোগের সদস্যসচিব প্রবীর চক্রবর্তী বলেন, সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো মূলত হতদরিদ্রদের কথা বিবেচনা করে সাজানো হয়েছে। কিন্তু যারা দারিদ্র্যসীমার ঠিক ওপরে ছিলেন, তাঁরা এখন দারিদ্র্যের দিকে ধাবিত হচ্ছেন। অথচ কোনো সহায়তা কর্মসূচির তালিকায় তাঁদের নাম নেই। এ জনগোষ্ঠীর জন্য আলাদা উদ্যোগ নেওয়া প্রয়োজন।
কৃষিনির্ভর গাইবান্ধা জেলায় ডিজেল ও সারের দাম বাড়ায় কৃষি উৎপাদন ব্যয়ও বেড়েছে। মাঠপর্যায়ে প্রতি মণ ধান উৎপাদনে খরচ পড়ছে ৯০০ থেকে ১ হাজার টাকা। অথচ মৌসুমের শুরুতে বাজারে ধানের দাম ছিল মণপ্রতি প্রায় ১ হাজার টাকা। সুন্দরগঞ্জে সার ডিলারদের বিরুদ্ধে প্রতি বস্তায় ২০০ থেকে ৩০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ উঠেছে।
সুন্দরগঞ্জের কৃষক হাফিজার মিয়া বলেন, ‘ধান বিক্রি করে সার ও ডিজেলের দেনা শোধ করতেই প্রায় সব টাকা শেষ হয়ে যায়। হাতে আর কিছু থাকে না। এভাবে চলতে থাকলে আগামী মৌসুমে জমির অর্ধেকই অনাবাদি পড়ে থাকবে।’
এ পরিস্থিতিতে মাঝারি জোতের কৃষকরাও ধীরে ধীরে ক্ষুদ্র কৃষকের পর্যায়ে নেমে আসার ঝুঁকিতে রয়েছেন।
এর পাশাপাশি রয়েছে নদীভাঙনের সংকট। জেলার চার উপজেলার ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনার চরাঞ্চলে বসবাস করেন প্রায় পাঁচ লাখ মানুষ। ফসলি জমি ও বসতভিটা হারিয়ে অনেক পরিবার মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছে। কেউ কেউ জীবিকার সন্ধানে শহরের বস্তিতে আশ্রয় নিচ্ছেন।
ফুলছড়ির উজালডাঙা চরের বাসিন্দা মিনারা বেগম বলেন, ‘নদী ভিটা নিয়েছে, এখন বাজার নিচ্ছে ভাত। ছেলে ঢাকায় রিকশা চালাতে গেছে। মাসে যা টাকা পাঠায়, তা চাল-তেল কিনতেই শেষ হয়ে যায়।’
লেখক ও গবেষক জহুরুল কাইয়ুম বলেন, খাদ্য মূল্যস্ফীতি কমেছে, এটি ইতিবাচক। কিন্তু মজুরি বৃদ্ধির হার যদি দীর্ঘদিন মূল্যস্ফীতির পেছনে থাকে, তাহলে মানুষের প্রকৃত আয় কমতেই থাকবে। খাদ্যবহির্ভূত পণ্যের দাম বাড়ার অর্থ মধ্যবিত্তের অপরিহার্য ব্যয় বৃদ্ধি। উত্তরের জেলাগুলোতে এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবহন ব্যয় ও নদীভাঙনের ঝুঁকি। তাই শুধু বাজার তদারকির মধ্যে সমাধান সীমাবদ্ধ রাখলে চলবে না। টিসিবি ও ওএমএসের পরিধি বাড়ানো, কৃষকদের জন্য সেচে ভর্তুকি দেওয়া, সরকারি ধান সংগ্রহে ক্ষুদ্র কৃষকদের অংশগ্রহণ বাড়ানো এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন—সব বিষয় একসঙ্গে বিবেচনা করতে হবে।
নাগরিক সংগঠনগুলোর পক্ষ থেকে সার ডিলারদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বেতন ও মজুরি কাঠামো মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দাবি জানানো হয়েছে।
কবে নাগাদ নিত্যপণ্যের দাম কমবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। মূল্যস্ফীতির সরকারি সূচকে সামান্য স্বস্তি এলেও গাইবান্ধার মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্নআয়ের পরিবারগুলো প্রতিদিন নতুন করে সংসারের হিসাব কষছে—মাসটা পার করতে খাবারের থালা থেকে আর কী বাদ দিতে হবে?
এসএ

