কখনো অটোরিকশার চালক, আবার কখনো যাত্রী। এমন নানা ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন কৌশলে কক্সবাজারের স্থানীয়দের টার্গেট করত কুখ্যাত ছলে বাহিনী। এরপর টার্গেট ব্যক্তিদের অপহরণ করে গোপন আস্তানায় নিয়ে চালাত অমানুষিক নির্যাতন। সেই নির্যাতনের কান্না-চিৎকার নিকটজনদের শুনিয়ে আদায় করা হতো মোটা অঙ্কের টাকা। এ ছাড়া একই কায়দায় টার্গেট করে ডাকাতির ঘটনাও ঘটাত মিয়ানমারের আরসা মদদপুষ্ট রোহিঙ্গা ডাকাত হাফিজুর রহমান ওরফে ছলেহ উদ্দিনের নেতৃত্বধীন ‘ছলে বাহিনীর’ সশস্ত্র সদস্যরা।
কক্সবাজারের দুর্গম পাহাড়ি এলাকার আস্তানায় অভিযান চালিয়ে ছলে ডাকাতসহ ৬ জনকে অস্ত্রসহ গ্রেফতারের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। কক্সবাজারে র্যাব-১৫ ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া পাহাড় এলাকায় র্যাবের অভিযানে টেকনাফের দুর্গম পাহাড়ে বিভিন্ন সময়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অন্যতম হোতা ছলে ডাকাত (৩০) ও তার সহযোগী নুরুল আলম নুরু (৪০), আকতার কামাল সোহেল (৩৭), নুরুল আলম লালু (২৪), হারুনুর রশিদ (২৩) এবং রিয়াজ উদ্দিন বাপ্পিকে (১৮) গ্রেফতার করেছে র্যাব। অভিযানকালে ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ৩টি এসবিবিএল রাইফেল, ২টি ওয়ান শুটার গান, ৬টি দেশি বন্দুক, পিস্তলের ৫ রাউন্ড গুলি, ১৭ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড খালি কার্তুজ, ২টি ধারালো ছুরি, ৬টি দেশি দা এবং ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। কমান্ডার মঈন বলেন, ছলে বাহিনী মূলত কক্সবাজারের হ্নীলা, হোয়াইক্যং, উনচিপ্রাং, শ্যামলাপুর, জাদিমোড়া ও টেকনাফ প্রভৃতি এলাকার স্থানীয় বাসিন্দাদের টার্গেট করে অপহরণপূর্বক মুক্তিপণ আদায় ও ডাকাতি করত। আজ পর্যন্ত এ সন্ত্রাসী গ্রুপ অর্ধশতাধিক ব্যক্তিকে অপহরণ করেছে। এদিকে কক্সবাজারের এসব এলাকায় ছলে বাহিনীর অপহরণ-ডাকাতিসহ রোহিঙ্গা সন্ত্রাসীদের অপরাধ নিয়ে শুক্রবারই একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয় দৈনিক সময়ের আলোতে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কমান্ডার আল মঈন সংবাদ সম্মেলনে জানান, টেকনাফের দুর্গম পাহাড়ে অবস্থান করে ছলে ডাকাতের সরাসরি নেতৃত্বে এ চক্রটি অপহরণ-মুক্তিপণ আদায়, মাদক ব্যবসাসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তার এ সন্ত্রাসী দলে সদস্য সংখ্যা ১২ থেকে ১৫ জন। ছলের নেতৃত্বে সন্ত্রাসী দলটি টেকনাফের শালবাগান পাহাড়, জুম্মা পাড়া ও নেচারি পার্ক এলাকা, বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া পাহাড়, বড় ডেইল পাহাড়, কচ্ছপিয়া পাহাড়, জাহাজপুরা পাহাড়, হলবনিয়া পাহাড় ও শিলখালী পাহাড় এলাকায় অবস্থান করে অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করত।
আরও জানা যায়, ছলের নেতৃত্বে গত ১৮ ডিসেম্বর বাহারছড়া এলাকা থেকে ১০ জন কৃষক, এ বছরের ২ জানুয়ারি রোহিঙ্গা শরণার্থী রেজুয়ানা, ২৬ মার্চ ন্যাচারাল পার্কের দর্শনার্থী হ্নীলার দদমিয়ার বাসিন্দা কবির আহাম্মদের ছেলে রিদুয়ান সবুজ (১৭) ও একই এলাকার বাসিন্দা মাওলানা আবুল কালামের ছেলে নুরুল মোস্তফা (১৬), ১৫ এপ্রিল ফুলের ডেইল এলাকা থেকে বাবুল মেম্বারের ছেলে ফয়সাল (১৭), ৩০ এপ্রিল হামিদুল্লাহ (২৪) এবং ৩ মে রোহিঙ্গা ক্যাম্প-৭, ব্লক- ই/৬-এ বসবাসরত আবুল কালামসহ অনেক ব্যক্তিকে অপহরণ করে। পরে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের পর ছেড়ে দেয়। তারা অপহৃত ব্যক্তিপ্রতি ৫ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করত। মুক্তিপণের টাকা আদায় করতে অপহৃত ব্যক্তির ওপর চালানো হতো পৈশাচিক নির্যাতন। প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে মুক্তিপণের অর্থ দিয়ে ফেরত আসা অধিকাংশই অপহরণকারীদের সম্পর্কে অভিযোগ দিতে বা মুখ খুলতে সাহস পেত না।
গ্রেফতার হওয়া হাফিজুর রহমান ওরফে ছলে উদ্দিন জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, ২০১২ সালে সে অবৈধ পথে বাংলাদেশে আসে। পরে ২০১৩ সালে সে অবৈধভাবে মালয়েশিয়া যায় এবং তৎকালীনে পাশ^বর্তী দেশগুলোর বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। পরে ২০১৯ সালে সে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে উখিয়া ও কক্সবাজারে অবস্থান করে। পাশপাশি তার দেশ মিয়ানমারে যাতায়াত ও অপরাধমূলক কার্যক্রম করতে থাকে। এ ভাবে অপহরণ-ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কার্যক্রম করে আসছিল ছলে। সে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংগঠনের জন্য নিজ নামে ‘ছলে বাহিনী’ গঠন করে ওইসব অপরাধের পাশাপাশি মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ পাশর্^বর্তী দেশগুলোতে মানব পাচার করত।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতার আকতার কামাল সোহেল ছলে ডাকাতের অন্যতম সহযোগী। সে অপহরণের পরিকল্পনা প্রণয়ন এবং অপহরণ ও মুক্তিপণ আদায়ের জন্য ছলের নির্দেশনা সমন্বয় করত। অপহরণ, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে উখিয়াসহ কক্সবাজারের বিভিন্ন থানায় ১০টির অধিক মামলা রয়েছে। সে অস্ত্রসহ মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করত। এর আগেও বিভিন্ন অপরাধে ভিন্ন ভিন্ন মেয়াদে একাধিকবার কারাভোগ করেছে।
এদিকে ছলের আরেক সহযোগী গ্রেফতারকৃত নুরুর বিরুদ্ধে উখিয়াসহ কক্সবাজারের বিভিন্ন থানায় খুন, অস্ত্র, মাদকসহ অন্তত ৬টি মামলা রয়েছে। গ্রেফতার ৬ জনকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।
