বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রেজাউল (২২) নামের এক ট্রাক হেল্পার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মহাস্থান দিঘলকান্দি এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রেজাউল টাঙ্গাইলের কালিহাতী থানার সল্লারচর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে মহাস্থান দিঘলকান্দি এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে একটি ট্রাক থামিয়ে হেল্পার রেজাউল চাকা পরিষ্কার করছিলেন। এ সময় রংপুরগামী পাভেল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকের হেল্পারকে সজোরে ধাক্কা দেয়। এতে রেজাউল গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহত হেল্পারকে হাসপাতালে পাঠায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘাতক বাস ও দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

