সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে শাহাদত হোসেন (৪৫) নামে এক সন্দেহভাজন হত্যা মামলার আসামি মারা গেছেন। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে পুলিশ দাবি করেছে, তার মৃত্যু শ্বাসকষ্টজনিত কারণে হয়েছে। শাহাদত হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের মৃত খলিল হোসেনের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, সিভিল পোশাকে একদল পুলিশ শাহাদতকে জরুরি বিভাগে ভর্তি করেন। তার হাতে ক্ষতচিহ্ন দেখে জানতে চাইলে পুলিশ তা ‘পাবলিক অ্যাসল্ট’ বলে দাবি করেন। কিছুক্ষণ পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটে।
জরুরি বিভাগের চিকিৎসক হেমাদ্রি শেখর সাহা বলেন, ‘ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। তবে মারপিটের ভয়ে হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাহবুবুর রহমান জানান, ‘গত ১২ নভেম্বর উল্লাপাড়া উপজেলার চৌকিদহ ব্রিজের নিচে এক অটোরিকশা চালক আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার হয়। শাহাদত হোসেনকে এই ঘটনায় সন্দেহ করা হচ্ছিল। পরে গোপন তথ্যের ভিত্তিতে ছিনিয়ে নেওয়া অটোরিকশা উদ্ধার করে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়। তিনি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন এবং জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়েন।’
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক বলেন, ‘ওই আসামিকে আমরা আটক বা গ্রেপ্তার করিনি। তবে ডিবির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হককে শুধু তথ্য দেওয়া হয়েছিল।’
এ বিষয়ে ডিবি কর্মকর্তা ও গোয়েন্দা শাখার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন সাড়া মেলেনি।

