সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের একদিন পর শহিদুল ইসলাম (৬৭) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা ব্রিজের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম উপজেলার বন্যাকান্দি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২৯ নভেম্বর) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন শহিদুল ইসলাম। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
স্থানীয়দের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার ও উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।’

