নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামে এক দৌড়বিদের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৬টায় ‘সোনারগাঁ রানার্স’-এর উদ্যোগে আয়োজিত ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’ প্রতিযোগিতায় এই ঘটনা ঘটে।
নিহত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
আয়োজক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে পানামনগরের আমিনপুর মাঠ থেকে ৭ দশমিক ৫ কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়। দৌড় শুরুর পর প্রতিযোগিতার প্রায় অর্ধেক পথ অতিক্রম করে বালুয়া দিঘিরপাড় এলাকায় পৌঁছানো মাত্রই টিপু সুলতান হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।
এসময় আয়োজকদের মেডিকেল টিম দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর প্রধান আয়োজক শিমুল ভুইঁয় জানান, এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০০ জন দৌড়বিদ অংশ নিয়েছিলেন। টিপু সুলতানও একজন নিয়মিত প্রতিযোগী হিসেবে এতে যোগ দেন। দৌড় চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিকে প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান দৌড়বিদ টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ডিআর

