চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২২) নামের এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান তিন আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল ও একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম জেলা ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৭। র্যাব-৭-এর লেফটেন্যান্ট কমান্ডার তাওহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. ইমন (২২), মো. রায়হান (২৫), মো. শাহেদ সালমান (২২), মোহাম্মদ হোসেন (২২), হাসান মোহাম্মদ রবিউল (২১), মো. সাকিব হোসেন (১৮), মো. আছমান (২৩) ও মো. ফয়সাল (২৩)।
র্যাব-৭ সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি ইমনের মোবাইল ছিনতাইয়ের প্রতিবাদ করায় এই হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটে। ঘটনার প্রায় ১০ দিন আগে ইমন আদনান নামের এক ব্যক্তির কাছ থেকে জোর করে একটি মুঠোফোন ছিনিয়ে নেন। বিষয়টি দেখে সাকিব তীব্র প্রতিবাদ করেন। পরবর্তীতে এ নিয়ে একটি সালিসি বৈঠক হয় এবং সেখানে ইমনকে সামাজিকভাবে শাস্তি দেওয়া হয়। সবার সামনে এভাবে অপমানিত হওয়ার ক্ষোভ থেকেই ইমন ও তার সহযোগীরা সাকিবকে হত্যার পরিকল্পনা করেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চান্দগাঁওয়ের মোহরা কামাল বাজার এলাকার লায়লা কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে যাওয়ার সময় রিকশা থেকে সাকিবকে নামিয়ে আনা হয়। এরপর তাকে প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র ও কুড়াল দিয়ে কুপিয়ে এবং ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
র্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পরপরই ইমন, রায়হান ও সালমান চট্টগ্রাম থেকে পালিয়ে কক্সবাজারের চকরিয়ার ঈদগাহ এলাকায় আত্মগোপন করেন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় তারা যে মোটরসাইকেলটি ব্যবহার করেছিলেন, সেই মোটরসাইকেলের সূত্র ধরেই চকরিয়ার ঈদগাহ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি সহযোগীদেরও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭-এর লেফটেন্যান্ট কমান্ডার তাওহিদুল ইসলাম।
ডিআর

