সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় পরিবহনের চাপায় রহিমা খাতুন (৫৫) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত রহিমা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।
নিহতের ছেলে শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাঁর মা রহিমা খাতুন বাড়ি থেকে হাঁটতে বের হন। পরে ভোর সাড়ে ৫টার দিকে তিনি খবর পান, তাঁর মায়ের মরদেহ সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়সংলগ্ন এলাকায় পড়ে রয়েছে।
তিনি ঘটনাস্থলে গিয়ে মায়ের মাথা থেঁতলানো ও দুই হাত ভাঙা অবস্থায় দেখতে পান। তাঁর ধারণা, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো বাস বা ট্রাক তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মায়ের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ

