জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিফ হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়ারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া গ্রামের এমরান হোসেনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম হোসেন (২২) এবং মফিজুল হোসেনের ছেলে জিহাদ হোসেন (২২)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে জেড আর পরিবহনের একটি বাস পাঁচবিবির দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আশিফ হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে জয়পুরহাট-হিলি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সড়কে যান চলাচল শুরু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পুলিশ নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলের পাশেই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়সংলগ্ন সড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে একটি স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এসএ

