দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পর্যটক নিয়ে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পৌঁছেছে চলতি পর্যটন মৌসুমের প্রথম জাহাজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ৮৩৬ জন যাত্রী নিয়ে এমভি বার আউলিয়া দ্বীপের জেটিঘাটে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা ফুল দিয়ে পর্যটকদের বরণ করে নেন। দীর্ঘ বিরতির পর পর্যটকদের পদচারণায় দ্বীপজুড়ে ফিরে আসে উৎসবমুখর পরিবেশ।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে এমভি বার আউলিয়া। দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে দুপুরে জাহাজটি নিরাপদে দ্বীপে পৌঁছায়। এর মধ্য দিয়ে ২০২৬-২৭ পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে আনুষ্ঠানিকভাবে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হলো।
দ্বীপের পর্যটননির্ভর ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ অপেক্ষার পর পর্যটকবাহী জাহাজের আগমনে তাঁদের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে। পর্যটকদের ফুল দিয়ে বরণ করতে পেরে তাঁরা উচ্ছ্বসিত। পর্যটকদের আগমন উপলক্ষে হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁগুলোও প্রস্তুত করা হয়েছে। অনেক পর্যটক আগেই আবাসিক কক্ষ বুকিং দিয়েছেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ফয়েজুল ইসলাম বলেন, ‘ভ্রমণপিপাসুদের কাছে সেন্টমার্টিন অত্যন্ত আকর্ষণীয় একটি দ্বীপ। প্রতিবছর পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। এ বছরও মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ ৮৩৬ জন যাত্রী নিয়ে দ্বীপে পৌঁছেছে। আশা করছি, পর্যটকেরা স্বাচ্ছন্দ্য ও আনন্দের সঙ্গে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘সেন্টমার্টিনের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল। পর্যটন মৌসুমে অর্জিত আয় দিয়েই অনেক পরিবারকে সারা বছরের সংসার খরচ চালাতে হয়। তাই পর্যটকদের আগমন দ্বীপবাসীর জীবিকা ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, প্রথম দিন যাত্রীসংখ্যা ৮৩৬ জন হওয়ায় একটি জাহাজ চলাচল করেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে এমভি বার আউলিয়া যাত্রা শুরু করে এবং দুপুরে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। পর্যটকদের নির্বিঘ্ন ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
দীর্ঘ বিরতির পর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ায় সেন্টমার্টিনের পর্যটন ব্যবসায় নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে প্রবালদ্বীপের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত ও দায়িত্বশীল পর্যটন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিচ্ছেন পরিবেশসচেতন মহল।
এসএ

