নেত্রকোনার মোহনগঞ্জে ২০ হাজার টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আব্দুল্লাহ আল সোহান (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। এ সময় দোকানে ভাঙচুর চালিয়ে ক্যাশে থাকা ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নেওয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় সোহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ধর্ষণ, ছিনতাই, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার সোহানকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের খাদ্যগুদামের বিপরীতে পিংকী সাইকেল স্টোরে এ হামলার ঘটনা ঘটে। পরে ওই রাতেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল সোহান উপজেলার বড়কাশিয়া গ্রামের মৃত নূর আহম্মদের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবালের চাচাতো ভাই বলে জানা গেছে।
আহত ব্যবসায়ীর নাম সবুজ মিয়া (৬০)। তিনি পিংকী সাইকেল স্টোরের মালিক। বর্তমানে তিনি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সোহান কয়েকজন সহযোগীকে নিয়ে সবুজ মিয়ার দোকানে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহান দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করেন। এতে তাঁর নাকে গুরুতর জখম হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় দোকানের মালামাল ভাঙচুর করে ক্যাশে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আহত সবুজ মিয়ার ছোট ভাই মোহাম্মদ কমল মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আসামি সোহানকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের খাদ্যগুদামসংলগ্ন সেতু পুনর্নির্মাণের সময় সরকারি জায়গায় থাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। ওই সময় কিছু জায়গা দখল করে সেখানে ঘর নির্মাণ করেন সোহান। পরবর্তী সময়ে ওই ঘর মাসিক আট হাজার টাকা ভাড়ায় সবুজ মিয়ার কাছে দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, সোহান প্রায়ই সবুজ মিয়ার কাছে অতিরিক্ত টাকা দাবি করতেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে লোকজন নিয়ে এসে সবুজ মিয়ার ওপর হামলা চালানো হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পর বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত সোহানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
এসএ

