ময়মনসিংহের নান্দাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে এ ধরনের পরিস্থিতিতে প্রশাসনকে আরও সতর্কতা ও সময়জ্ঞান বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বৃহস্পতিবার একটি পুরোনো মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। ওই সময় তিনি মুশুল্লী ইউনিয়ন পরিষদের সদ্য প্রয়াত চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া বিপ্লবের জানাজার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। জানাজা শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
ইয়াসের খান চৌধুরী বলেন, চেয়ারম্যান সাইফুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না। গ্রেপ্তার করা প্রশাসনের নিয়মিত দায়িত্বের অংশ হলেও শোকাতুর মুহূর্তে এভাবে কাউকে গ্রেপ্তারের ঘটনায় তিনি সন্তুষ্ট নন। এ ধরনের পরিস্থিতিতে প্রশাসনকে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন নোংরা রাজনীতি কিংবা অপপ্রচারে লিপ্ত না হন। প্রশাসন কখন, কোথায় এবং কাকে গ্রেপ্তার করবে, সে বিষয়ে সব সময় তাঁর পক্ষে অবগত থাকা সম্ভব নয় বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
রাজনৈতিক মতভিন্নতা থাকলেও একটি সুন্দর ও বসবাসযোগ্য নান্দাইল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে ইয়াসের খান চৌধুরী বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসএ

