নিজে দৃষ্টিপ্রতিবন্ধী, ১৩ বছর বয়সী বড় মেয়েও শারীরিক ও বাক্প্রতিবন্ধী। দুই বছর আগে একমাত্র উপার্জনক্ষম স্বামী মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে অকূল পাথারে পড়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার বেতুয়া এলাকার বাসিন্দা আয়েশা খাতুন (২৫)। কোনো আয়ের উৎস না থাকায় প্রতিবন্ধী ভাতার সামান্য অর্থ আর প্রতিবেশীদের সহযোগিতায় অনাহার-অর্ধাহারে কাটছে তাঁদের দিন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আয়েশার বড় মেয়ে আকলিমার বয়স ১৩ বছর হলেও সে নিজে চলাফেরা কিংবা কথা বলতে পারে না। শারীরিক গঠন এখনো আড়াই বছরের শিশুর মতো। সম্প্রতি শরীরের বিভিন্ন স্থানে তীব্র চর্মরোগ ও ঘা দেখা দেওয়ায় যন্ত্রণায় কাতরাচ্ছে সে। কিন্তু চরম অর্থসংকটের কারণে মেয়ের প্রয়োজনীয় চিকিৎসার খরচ জোগাতে পারছেন না অসহায় মা। দুই বছর আগে আকলিমার বাবা কবির হোসেন আত্মহত্যা করার পর থেকেই তিন সন্তানকে নিয়ে আয়েশার সংসারে নেমে আসে ঘোর অন্ধকার।
নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে আয়েশা খাতুন বলেন, “আমি নিজেই চোখে দেখতে পাই না। মেয়েটাও কথা বলতে পারে না, হাঁটতেও পারে না। এখন সারা শরীরে ঘা হয়ে খুব কষ্ট পাচ্ছে। টাকার অভাবে ওষুধ পর্যন্ত কিনতে পারছি না। স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। ভাতার সামান্য টাকায় খাবারই জোটে না, মেয়ের চিকিৎসা করাব কী দিয়ে?”
স্থানীয় প্রতিবেশী আশিকুর রহমান প্লাবন বলেন, “পরিবারটির অবস্থা অত্যন্ত মানবেতর। মা দৃষ্টিপ্রতিবন্ধী এবং মেয়েটিও গুরুতর শারীরিক প্রতিবন্ধী। দুই বেলা ঠিকমতো খাবার জোটানোই তাঁদের পক্ষে অসম্ভব। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিরা এগিয়ে এলে পরিবারটি কিছুটা হলেও স্বস্তি পেত।”
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখ বলেন, “আয়েশা খাতুনের পরিবারের সার্বিক বিষয়ে দ্রুত খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রতিবন্ধী শিশুটির চিকিৎসার ব্যবস্থা ও পরিবারের আর্থিক দুরবস্থা নিরসনে সরকারি বিধি অনুযায়ী যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।”
বর্তমানে আয়েশার পরিবারের জন্য সবচেয়ে জরুরি হয়ে পড়েছে অসুস্থ আকলিমার উন্নত চিকিৎসা, পরিবারের খাদ্য নিরাপত্তা এবং অন্য দুই শিশুর নিরাপদ বেড়ে ওঠার ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সমাজের সহৃদয় ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর মানবিক সহযোগিতাই পারে এই অসহায় পরিবারটির অন্ধকার দূর করতে।
এনআর

