শরীয়তপুরের গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্টে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কনসার্ট চলাকালে উপস্থিত কয়েকজনকে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন ও কনসার্টে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।
কনসার্টে উপস্থিত কয়েকজন দর্শকের দাবি, অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চের সামনে থেকে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। তাঁরা ওই সময় সরাসরি এসব স্লোগান শুনেছেন বলেও জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল মামুনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি যাচাই করে দেখছে পুলিশ।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান বলেন, “আমরা ভিডিওটি দেখছি। বিষয়টি তদন্ত করছি। ভিডিওটি সাম্প্রতিক সময়ের কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এসএ

