লক্ষ্মীপুরের রামগতিতে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূ জাহারা খাতুন গত ২৮ অক্টোবর লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা করেন।
ট্রাইব্যুনালের বিচারক ও লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আজিজুল হক মামলাটি আমলে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা লিগ্যাল এইড অফিসকে নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের জাহারা খাতুনের কাছে গত ২৭ অক্টোবর সকাল ৮টার দিকে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন তাঁর স্বামী মো. নুরুল আলম ওরফে কালু, শ্বশুর হাসান সর্দার মাঝি ও শাশুড়ি আংকুরি বেগম। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এ ঘটনায় জাহারা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী জাহারা খাতুন জানান, প্রায় ছয় মাস আগে নুরুল আলমের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ১০ লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে হয়। বর্তমানে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই স্বামী, শ্বশুর ও শাশুড়ি তাঁকে মেনে নিতে অস্বীকৃতি জানান এবং শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। একপর্যায়ে যৌতুকের টাকার জন্য চাপ দিয়ে তাঁর গর্ভের সন্তানকে নষ্ট করার হুমকিও দেওয়া হয়। পারিবারিকভাবে ও সামাজিকভাবে কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের দ্বারস্থ হন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত স্বামী মো. নুরুল আলম ওরফে কালুর সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ দিলরুবা ইয়াছমিন জানান, আদালতের নির্দেশে মামলাটি তাঁর দপ্তরে এসেছে। ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিধি মোতাবেক যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এনআর

