চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভাটাসংলগ্ন একটি পুকুরে পড়ে গেছে শিক্ষা সফরে যাওয়া একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় এক প্রভাষকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শনিবার (ভোর ৪টার দিকে) সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের রেলক্রসিং-সংলগ্ন আবদুহাদী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে চালকের ঘুম ঘুম ভাবের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া মাদ্রাসার প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার অপর এক শিক্ষিকার স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।
পুলিশ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে একটি বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাটের উত্তর কেঁওচিয়া রেলক্রসিং এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি মহাসড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে অপর বাসের যাত্রী, স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সাতকানিয়া থানা-পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।
মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, শিক্ষা সফরে যাওয়ার পথে বাসটি পুকুরে পড়ে গেলে সামনের আসনে থাকা এক শিক্ষিকা ও একজন অতিথি নিহত হন। তাঁর ধারণা, বাসের সামনের অংশ পানিতে ডুবে যাওয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, চালকের চোখে ঘুম ঘুম ভাব থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ

