যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাঙামাটির কাপ্তাই উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটি সঞ্চালনা করেন সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পাঠ করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এ দিনটি বিশেষ তাৎপর্য বহন করে।
বক্তারা জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা।
এ সময় কাপ্তাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। তাঁদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কাপ্তাইয়ে সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দিবসটির কর্মসূচি সম্পন্ন হয়।
এসএ

