হবিগঞ্জের মাধবপুরে জাতীয় কনডেনসেটবাহী পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের সাহায্যে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় নোয়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)।
গত ৫ নভেম্বর জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন বাদী হয়ে মাধবপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ০৬/৪০৩।
জিটিসিএল সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর ভোররাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ডাক্তার বাড়ি নামক স্থানে জাতীয় কনডেনসেটবাহী পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির বিষয়টি শনাক্ত করেন প্রতিষ্ঠানটির নিরাপত্তাকর্মীরা। পরে অনুসন্ধান চালিয়ে অভিযুক্ত ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর থেকে তেল মজুতের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর বাড়িতে তেল সংরক্ষণের জন্য তৈরি দুটি বড় গর্তের সন্ধান পাওয়া যায়।
জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার আগের রাতে ইসলাম উদ্দিনকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তিনি নিরাপত্তাকর্মীদের সেখানে যেতে বাধা দেন বলে অভিযোগ রয়েছে।
জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম বলেন, ইসলাম উদ্দিনসহ একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। একই অঞ্চলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি হয়েছে।
জিটিসিএলের উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের মাধ্যমে তেল চুরি করা হতো। এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ইসলাম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ

