চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। জাতিকে ঐক্যবদ্ধ করা, স্বাধীনতার চেতনা ও জাতীয় সংহতির প্রতীক হিসেবে এ দিবসের গুরুত্ব অপরিসীম। ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব আমাদের মূল অনুপ্রেরণা। এ দিনের মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশ নতুন যাত্রা শুরু করেছিল।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকার ঐতিহাসিক বিপ্লব উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক এ উদ্যানটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত।
ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়ন অব্যাহত রাখতে হবে। এ জন্য শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ভিনদেশি আধিপত্য মোকাবিলায় ৭ নভেম্বরের চেতনা ধারণ করা জরুরি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করে তিনি বলেন, এ দেশের মাটি ও মানুষকে মুক্ত করতে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সে কারণে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা তাঁকে বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। তাঁর দাবি, ৭ নভেম্বরের বিপ্লব দেশকে পরাধীন করার ষড়যন্ত্র নস্যাৎ করেছিল।
চসিক প্রশাসক আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অন্যতম রূপকার। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় তিনি নিজের পরিণতির কথা চিন্তা করেননি। কোর্ট মার্শালের ঝুঁকি নিয়েও তিনি স্বাধীনতাকামী মানুষের পক্ষে সোচ্চার হয়েছিলেন। তাঁর নেতৃত্বেই দেশ পুনর্গঠন ও জনগণের ক্ষমতায়নের সূচনা ঘটে।
অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করসহ চসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
এসএ

