খুলনায় আবারও একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে সশস্ত্র হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর ২৭৫ নম্বর খানজাহান আলী সড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর পৌনে ১টার দিকে পাঁচজনের একটি অস্ত্রধারী যুবকের দল খানজাহান আলী রোডের ‘নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে’ প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ধারালো চাইনিজ কুড়াল বের করে ব্যাপক ভাঙচুর চালাতে থাকে। তাদের হামলায় কাউন্টারের বিভিন্ন সরঞ্জাম, দুটি এয়ারকন্ডিশনার (এসি), একটি টেলিভিশন ও সামনের কাচের দরজা ক্ষতিগ্রস্ত হয়। ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মীর কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি মুঠোফোনও ছিনিয়ে নিয়ে যায় তারা।
ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক জাহিদ হোসেন বলেন, “প্রায় এক মাস আগে নগরীর টুটপাড়ার নূর আজিম বাহিনীর এক সদস্য আমাকে ফোন করে তাদের নেতার পরিচয় দেয়। আমি তাকে চিনি না বলে জানালে সে ফোনের সংযোগ কেটে দেয়। এর এক মাস পর আজ পরিকল্পিতভাবে এই সন্ত্রাসী হামলা চালানো হলো।”
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।
উল্লেখ্য, খুলনায় চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে ধারাবাহিক হামলার ঘটনায় চিকিৎসাসেবা সংশ্লিষ্টদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে গত ২৪ অক্টোবর রাতে নগরীর বাবুখান রোডে সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও ফাঁকা গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এর পরদিন সোনাডাঙ্গায় অবস্থিত প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখায় গিয়ে চিকিৎসকদের অস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দশ দিন পর নগরীর শামসুর রহমান রোডের আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। এর ঠিক চার দিন পরই অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে এ হামলার ঘটনা ঘটল।
