বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরির বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সহজ শর্ত ও জামানতবিহীন এই অর্থায়নের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন মাদারীপুরের শিবচরের সম্ভাবনাময় উদ্যোক্তারা। তবে এ কর্মসূচিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর বেঁধে দেওয়ায় বাদ পড়ার শঙ্কায় পড়েছেন ৩০ ঊর্ধ্ব বেকার ও চাকরিপ্রত্যাশীরা। তাঁদের দাবি, শুধু বয়সের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে যোগ্যতা ও বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনার ভিত্তিতে ঋণ পাওয়ার সুযোগ দেওয়া হোক।
শিবচরের স্থানীয় উদ্যোক্তা ফয়সাল আহমেদ নিজের উদ্বেগের কথা জানিয়ে বলেন, নিজের উদ্যোগে ব্যবসা শুরু করতে গেলে সবার আগে প্রয়োজন মূলধন। মেধা ও ইচ্ছা থাকা সত্ত্বেও পর্যাপ্ত পুঁজির অভাবে অনেক পরিকল্পনা ভেস্তে যায়। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। কিন্তু বয়স ২৮ বছরের বেশি হওয়ায় যদি আবেদনই করতে না পারি, তবে আমরা যাব কোথায়? আমার মতো ৩০ ঊর্ধ্ব যাঁরা স্বাবলম্বী হতে চান, তাঁদেরও এই প্রকল্পের আওতায় আনা জরুরি।
আরেক উদ্যোক্তা আবুল বাশার মনে করেন, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বয়সের চেয়ে ইচ্ছা, অভিজ্ঞতা ও কার্যকর পরিকল্পনা অনেক বেশি জরুরি। তিনি বলেন, ২৮ বছর বয়সে যেমন ব্যবসা শুরু করা সম্ভব, তেমনি অনেকে ৩৫ বছর বয়সে এসে প্রয়োজনীয় পরিপক্বতা ও অভিজ্ঞতা অর্জন করেন। পুঁজির অভাবে অনেকেই উদ্যোগ শুরু করতে পারছেন না। সহজ শর্তে অর্থায়ন পেলে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে। তাই বয়সসীমা শিথিল করা অত্যন্ত প্রয়োজন।
একই দাবি জানিয়ে রানা মিয়া বলেন, তৃণমূলের উদ্যোক্তাদের প্রধান সংকট হলো পুঁজি। পরিকল্পনা থাকা সত্ত্বেও অর্থের অভাবে অনেকেই পিছিয়ে পড়ছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বয়সের শর্তটি পুনর্বিবেচনা করে ৩০-এর বেশি বয়সীদেরও যেন এই অর্থায়নের আওতায় আনা হয়।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) শিবচর উপজেলা শাখার সভাপতি আবুল খায়ের খান বলেন, ছাত্রাবস্থায় বা অতি অল্প বয়সে ব্যবসায় নেমে ব্যর্থ হলে একজন তরুণের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ চরম অনিশ্চয়তায় পড়তে পারে। অন্যদিকে ৩০ বা তার বেশি বয়সী ব্যক্তিরা তুলনামূলক অভিজ্ঞ ও মানসিক দিক থেকে পরিণত। এই বয়সীদের সহজ শর্তে অর্থায়ন সুবিধা দেওয়া হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি আরও উল্লেখ করেন, হতাশা ও বেকারত্বের কারণে অনেক যুবক ঝুঁকিপূর্ণ পথে, এমনকি নদী বা সাগরপথে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করেন। দেশে সহজ শর্তে বিনিয়োগের সুযোগ থাকলে এমন প্রাণঘাতী প্রবণতা অনেকাংশেই কমে আসবে। তাই বয়সসীমা দ্রুত পুনর্বিবেচনা করা দরকার।
সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, উদ্যোক্তা নির্বাচনে শুধু বয়সের মাপকাঠি নির্ধারণ না করে ব্যবসায়িক ধারণা, দক্ষতা, বাজারের সম্ভাব্যতা ও ঋণ পরিশোধের সক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া উচিত। প্রয়োজনে ৩০ ঊর্ধ্বদের জন্য আলাদা নীতিমালা বা বিশেষ অর্থায়ন উইন্ডো চালু করা যেতে পারে। নীতিমালায় এমন পরিবর্তন এলে একদিকে যেমন বেকারত্ব কমবে, তেমনি গ্রামীণ অর্থনীতিও আরও বেগবান হবে।

