সকালের নাস্তার জন্য চুলা জ্বালাতেই বিকট শব্দ। তারপর চোখের পলকে দাউ দাউ আগুন। বঙ্গোপসাগরের মাঝখানে জ্বলতে থাকা বোট থেকে বাঁচার জন্য একে একে সাগরে ঝাঁপ দিলেন ১২ জন জেলে। সেদিন তাদের ভাগ্যে মৃত্যু লেখা ছিল না বলেই যেন পাশের বোটের জেলেরা এগিয়ে এসে তাদের তুলে নিলেন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মোংলার জয়মনিরঘোল এলাকার একটি ফিশিং বোট ১২ জন জেলে নিয়ে ইলিশ ধরতে সাগরে গিয়েছিল। ৪ দিন সাগরে ভালোই মাছ পেয়েছিলেন তারা। বোটের খোল ভরে উঠেছিল ইলিশে। বৃহস্পতিবার সকালে আরও একবার জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন জেলেরা।
এরই মধ্যে বোটের বাবুর্চি রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন দিতেই ঘটে বিস্ফোরণ। লিকেজ থাকা সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে পুরো কেবিনে জমে ছিল। আগুনের ফুলকি পড়তেই বিকট শব্দে ফেটে যায় সিলিন্ডারটি।
প্রত্যক্ষদর্শী মাঝি বলেন, \"আমি দেখলাম বাবুর্চির গায়ে আগুন লেগে গেছে। বোটের ভেতরে ডিজেলের ড্রাম ছিল, জাল ছিল। ২ মিনিটের মধ্যে পুরো বোট আগুনের গোলা হয়ে গেলো। আমরা কিছুই বাঁচাতে পারলাম না।\"
আগুন থেকে বাঁচতে জেলেরা সাগরে ঝাঁপ দেন। কিন্তু উত্তাল সাগরে প্লাস্টিকের ড্রাম ধরে ভাসতে থাকা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। প্রায় ১ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর পাশ দিয়ে যাওয়া মোংলার আরও দুটি ফিশিং বোট তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে।
উদ্ধার হওয়া ১২ জেলের মধ্যে ৪ জন শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়েছেন। তাদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন।
এই অগ্নিকাণ্ডে শুধু বোটই পোড়েনি, পুড়ে গেছে ১২টি পরিবারের স্বপ্ন। বোট মালিক জানান, বোট, ইঞ্জিন, ২০ লাখ টাকার জাল, ৩ হাজার লিটার ডিজেল আর ৪ দিনের ধরা প্রায় ১০ লাখ টাকার ইলিশ মাছসহ মোট ক্ষতি প্রায় ৬০ লাখ টাকা।
কান্নাজড়িত কণ্ঠে এক জেলে বলেন, \"আমরা সাগরে যাই পেটের দায়ে। বোটে না আছে ফায়ার এক্সটিংগুইশার, না আছে লাইফ জ্যাকেট। মালিকরা দেয় না। আজ প্রাণে বাঁচলাম, কাল হয়তো বাঁচবো না।\"
জেলে নেতাদের অভিযোগ, সাগরে চলাচলকারী শত শত ফিশিং বোটে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। রান্নার জন্য ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় খোলা ডেকের পাশে। বোটে অগ্নিনির্বাপক যন্ত্র রাখা বাধ্যতামূলক হলেও কেউ তা মানে না।
এ বিষয়ে মোংলা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার বলেন, \"খবর পেয়ে আমরা ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। দগ্ধ জেলেদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সাগরে নিরাপত্তা বিধি না মানলে বোট মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।\"
সাগরে জেলেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ফিশিং বোটে ফায়ার এক্সটিংগুইশার, পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও নিরাপদ রান্নার ব্যবস্থা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন জেলে সমাজ।
ডিআর

